Education Protest: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই তিন রাজ্যে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে আন্দোলন, ক্রমশ ছড়াচ্ছে অশান্তির আগুন
Education Reform: প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঠ্যবইতে ১৬০০-রও বেশি ভুল পাওয়া গিয়েছে।ওড়িশার পাহাড়কে ঝাড়খণ্ডের মানচিত্রে দেখানো থেকে শুরু করে পঞ্চম শ্রেণির পাঠ্যবইতে হিন্দি গান ছাপানো- চোখে পড়ার মতো ভুল নজরে আসতেই ওড়িশাব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিজেডির ছাত্র শাখা।

নয়া দিল্লি: ছাত্র-যুবদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। তবে বিদ্রোহের আগুন কিন্তু এখনও নেভেনি। ধর্মেন্দ্র প্রধানের পর এবার তিন রাজ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ আন্দোলনে ক্রমশ ছড়াচ্ছে অশান্তির আগুন।
বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে (Chhattisgarh) শিক্ষা ব্যবস্থার বেহাল দশার অভিযোগে শিক্ষামন্ত্রী গজেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে উঠছে রায়পুর। সম্প্রতি নিট পরীক্ষায় (NEET Exam) ভালো ফল করতে না পারার জন্য আত্মহত্যা করেন জগদলপুরের এক ছাত্রী। তার মৃত্যুর নৈতিক দায় নিয়ে ছত্তীসগঢ়ের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে কংগ্রেস (Congress)।
অন্যদিকে, ধর্মেন্দ্র প্রধানের নিজের রাজ্য ওড়িশাতেও (Odisha) ত্রুটিতে ভরা টেক্সটবুকের ইস্যুতে শিক্ষামন্ত্রী নিত্যানন্দ গন্ডের পদত্যাগ চাইছে কংগ্রেস এবং বিজেডি। প্রথম থেকে অষ্টম শ্রেণির পাঠ্যবইতে ১৬০০-রও বেশি ভুল পাওয়া গিয়েছে।ওড়িশার পাহাড়কে ঝাড়খণ্ডের মানচিত্রে দেখানো থেকে শুরু করে পঞ্চম শ্রেণির পাঠ্যবইতে হিন্দি গান ছাপানো- চোখে পড়ার মতো ভুল নজরে আসতেই ওড়িশাব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিজেডির ছাত্র শাখা।
পঞ্জাবেও উঠেছে শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি। সম্প্রতি সেখানে ফার্মেসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এই নিয়ে আপ সরকারের শিক্ষামন্ত্রী হরজ্যোত সিং বেইনসের পদত্যাগের দাবিতে পথে নেমেছে কংগ্রেস। পাল্টা আপ সরকারের বিরুদ্ধে কংগ্রেস এবং বিজেপির চক্রান্তের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
