Sonam Wangchuk Aamir Khan dispute: ‘ফুনসুখ ওয়াংড়ু’ একেবারেই সোনম ওয়াংচুক নন! আমিরের বিস্ফোরক মন্তব্যের পরেই ‘৩ ইডিয়টস’ নিয়ে বড় ঘোষণা
3 Idiots re release date: ‘ফুনসুখ ওয়াংড়ু’ চরিত্রটি কি সত্যিই সোনম ওয়াংচুকের জীবনের ওপর নির্ভর করে তৈরি? 'লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল'-এর মঞ্চে মুখ খুলে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন খোদ আমির খান। আর এই চরম বিতর্কের আবহেই সিনেমা প্রেমীদের জন্য চলে এল সবথেকে বড় চমক! আবারও বড় পর্দায় কাঁপাতে আসছে রাজকুমার হিরানির আইকনিক ছবি '৩ ইডিয়টস'। বিস্তারিত জানতে পড়ুন...

প্রেক্ষাগৃহে আরও একবার ইতিহাস পুনরাবৃত্তি করার জন্য তৈরি রাজকুমার হিরানির আইকনিক ছবি ‘৩ ইডিয়টস’। ভারতের একাধিক প্রেক্ষাগৃহে ফের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আমির খান, আর মাধবন ও শরমন জোশী অভিনীত এই অলটাইম ব্লকবাস্টারটি। এনএইচ স্টুডিওজ (NH Studioz)-এর উদ্যোগে প্রায় ১৭ বছর পর সিনেমাটি নতুন করে দর্শকদের উপহার দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে এই সিনেমাটিকে ঘিরে থাকা নস্টালজিয়া আর উন্মাদনাকে মাথায় রেখেই নেওয়া হয়েছে বড় পর্দার রি-রিলিজের সিদ্ধান্ত। কবে মুক্তি পাচ্ছে ছবিটি?
বিধু বিনোদ চোপড়া ফিল্মসের ক্যাটালগ অধিগ্রহণের পরেই এনএইচ স্টুডিওজ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে আগামী সেপ্টেম্বরের শুরুতেই ফের র্যাঞ্চো, ফারহান আর রাজুর বন্ধুত্বের কাহিনি আলোড়িত করবে সিনেমা হলগুলোকে। গত বছর আমিরের ৬০তম জন্মদিনের বিশেষ ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর অন্যান্য ব্লকবাস্টার ছবি দেখা গেলেও থ্রি ইডিয়টস স্থান পায়নি। ফলে এই নতুন ঘোষণার পর উচ্ছ্বসিত আমির-অনুরাগীরা। আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।
তবে এই পুনর্মুক্তির খবরের সঙ্গেই নতুন করে মাথাচাড়া দিয়েছে এক পুরনো বিতর্ক। ছবিতে আমিরের চরিত্র ‘ফুনসুক ওয়াংড়ু’ আদতেও কার ওপর ভিত্তি করে তৈরি, তা নিয়ে এখন সিনেপাড়ায় জোর জল্পনা। সম্প্রতি লাদাখের পরিবেশবিজ্ঞানী তথা সমাজকর্মী সোনম ওয়াংচুকের টানা অনশন এবং ছবিতে ‘চতুর’ চরিত্রটি করা অভিনেতা ওমি বৈদ্যর এক সোশাল মিডিয়া পোস্টের পর থেকেই চর্চা শুরু হয় যে, চরিত্রটির অনুপ্রেরণা ছিলেন সোনম নিজেই।
সম্প্রতি ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ আমির খান বিতর্কটি উড়িয়ে দিয়ে জানান যে ছবির চিত্রনাট্য লেখার সময় রাজকুমার হিরানি বা অভিজাত জোশী, কারোরই সোনম ওয়াংচুক সম্পর্কে কোনও ধারণা ছিল না।
“ছবিটি বানানোর সময় আমি সোনম ওয়াংচুককে চিনতামই না। চতুরের ভিডিয়োটি আমি দেখেছি, ও ভুল বলছে। এই গল্পের সঙ্গে সোনমের কোনও সম্পর্ক নেই।”, লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে বক্তব্য পেশের সময় জানান আমির খান
যদিও নেটিজেনদের একাংশ তা মানতে নারাজ। বহু বছর আগের ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র একটি পুরনো পর্ব তুলে ধরে বিতর্ক উসকে দেওয়া হচ্ছে, যেখানে সোনম নিজেই বলেছিলেন যে ২০০৮ সালে একটি অনুষ্ঠানে আমিরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। তবে এই সব বিতর্কের উর্ধ্বে গিয়ে, চেতনের গল্প নিয়ে তৈরি এডুকেশন সিস্টেম ও বন্ধুত্বের এই মাস্টারপিসকে ফের হলে বসে উপভোগ করতেই মুখিয়ে রয়েছেন দর্শকরা।
