PM Modi Meeting: NDA সাংসদদের সঙ্গে বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী, ডাক পেলেন না কাকলি-সুদীপরা
NCPI not invited in PM Modi Meeting: প্রধানমন্ত্রীর এনডিএ বৈঠকে ডাক পেল না এনসিপিআই। স্পিকারের কাছ থেকে এখনও এনসিপিআই দলের মান্যতা পায়নি। তবে, সর্বদলীয় বৈঠকে এনসিপিআই উপস্থিত ছিল। স্পিকারের মান্যতার আগেই সর্বদলীয় বৈঠকে এনসিপিআইকে ডেকে প্রবল বিরোধী বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারকে।

নয়া দিল্লি: আজ এনডিএ (NDA) সাংসদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নিট (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস, রামমন্দির, ইথানল একাধিক ইস্যুতে সংসদের ভিতরে-বাইরে চলছে প্রতিবাদ। এদিকে, আজও সংসদ অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (CJP)। এই পরিস্থিতিতে বিরোধী আন্দোলনকে ভোঁতা করে দিতে এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী কী রণকৌশল ঠিক করে দেন, নজর থাকবে সেদিকেই। তবে, এনডিএ (PM Modi NDA Meeting) শরিক হলেও প্রধানমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না NCPI-এর সুদীপ-কাকলিরা (Sudip Banerjee-Kakali Ghosh Dastidar)।
বৈঠকে কী কী আলোচনা হতে পারে?
সোমবার থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। অধিবেশন শুরুর দিনই উত্তাল হয় সংসদ। নিট প্রশ্ন ফাঁস থেকে রাম মন্দিরে প্রণামী চুরি একাধিক ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয় সংসদের দুই কক্ষ। এদিকে, সংসদে একাধিক সংবিধান সংশোধনী বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। এই ডামাডোল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিলগুলিতে এনডিএ শরিক সাংসদদের একশো শতাংশ সমর্থন নিশ্চিত করাই লক্ষ্য। বৈঠকে এই বিষয়টা গুরুত্ব দেওয়া হবে বলে সূত্রের খবর।
এদিকে, একাধিক ইস্যুতে বিরোধী প্রচারের পাল্টা জবাবের সুর যাতে এক হয়, তারই রূপরেখা ঠিক করে দেবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই বিষয়ে বৈঠকে বিজেপি-সহ শরিক সাংসদদের বিশেষ পরামর্শ দেবেন মোদী।
ডাক পেল না এনসিপিআই
তবে, প্রধানমন্ত্রীর এনডিএ বৈঠকে ডাক পেল না এনসিপিআই। স্পিকারের কাছ থেকে এখনও এনসিপিআই দলের মান্যতা পায়নি। তবে, সর্বদলীয় বৈঠকে এনসিপিআই উপস্থিত ছিল। স্পিকারের মান্যতার আগেই সর্বদলীয় বৈঠকে এনসিপিআইকে ডেকে প্রবল বিরোধী বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই জটিলতার বাইরে প্রধানমন্ত্রীকে রাখতেই আপাতত ডাকা হল না সুদীপ, কাকলিদের। উল্লেখ্য, গত রবিবারও স্পিকার অফিস থেকে কাকলি ঘোষ দস্তিদারের কাছে নতুন করে একাধিক নথি চাওয়া হয়েছে।
অন্যদিকে, বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। বৈঠকে সভাপতিত্ব করবেন মল্লিকার্জুন খার্গে। থাকবেন রাহুল গান্ধীও। আবার শোনা যাচ্ছে, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক, শরদ পওয়ারের এনসিপি-ও এবার অবস্থান বদল করতে পারে। এবারের অধিবেশনে যদি আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল ফের একবার পেশ করে কেন্দ্র, তাহলে সেই বিলে সমর্থন করবে শরদ পওয়ারের এনসিপি।
