
বিজয়-রশ্মিকার বিয়ের পর দক্ষিণ ভারতের বিনোদন জগতে এখন সবথেকে বড় আলোচনার বিষয়— অনুষ্কা শেট্টির বিয়ে। দীর্ঘ দিন ধরেই রুপোলি পর্দায় তাঁর রসায়ন আর বাস্তবের বন্ধুত্ব মিলিয়ে প্রভাস ও অনুষ্কার নাম একসঙ্গে উচ্চারিত হয়ে আসছে। অনুরাগীদের বড় অংশই আশা করেছিলেন, রশ্মিকা-বিজয়ের মতোই হয়তো প্রভাস-অনুষ্কাও তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করবেন। কিন্তু সাম্প্রতিক খবর বলছে অন্য কথা।
টলিউড (তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি) সূত্রে খবর, কোনও অভিনেতা নয়, বরং এক সফল ব্যবসায়ীর সঙ্গেই ঘর বাঁধতে চলেছেন দেবসেনা। শোনা যাচ্ছে, অনুষ্কার পরিবার দীর্ঘদিন ধরেই তাঁর জন্য পাত্র খুঁজছিলেন। অবশেষে দুই পরিবারের সম্মতিতে এই ব্যবসায়ীর সঙ্গেই অনুষ্কার বিয়ে পাকা হতে চলেছে। সূত্রের দাবি, এই পাত্রের সঙ্গেই নাকি অভিনেত্রীর দীর্ঘদিনের পরিচয় এবং দুই পরিবারের ঘনিষ্ঠতাও চোখে পড়ার মতো।
বিজয়-রশ্মিকার বিয়ে নিয়ে যেমন দেশজুড়ে হইচই হয়েছে, অনুষ্কা নাকি তেমনটা চাইছেন না। ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, খুব বেশি আড়ম্বর নয় বরং পরিবারের সদস্য এবং হাতেগোনা কিছু বন্ধুদের উপস্থিতিতেই গোপনেই সারবেন বিয়ের অনুষ্ঠান। বন্ধুত্বকে আত্মীয়তায় রূপ দিতে দুই পরিবারই এখন কোমর বেঁধে নেমেছে।
বিয়ের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দুই পক্ষের মধ্যে যে তোড়জোড় চলছে, তা দেখে অনেকেই মনে করছেন ২০২৬-এর মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। পর্দার ‘বাহুবলী’র বদলে শেষ পর্যন্ত এই ব্যবসায়ীকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে অনুষ্কা ভক্তদের এক বড়সড় চমক দিতে চলেছেন।