AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pritam Bollywood Retirement: অরিজিতের পর এবার বলিউড ছাড়লেন প্রীতম?

Pritam Mainstream music exit: অরিজিৎ সিংয়ের পর এবার সুরকার প্রীতম চক্রবর্তীর একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হল নতুন জল্পনা। তবে কি তিনিও বলিউড থেকে বিরতি নিচ্ছেন? জন্মদিনের পোস্টে প্রীতম ঠিক কী লিখলেন, জেনে নিন।

Pritam Bollywood Retirement: অরিজিতের পর এবার বলিউড ছাড়লেন প্রীতম?
কী ঘটেছে?
| Updated on: Jun 15, 2026 | 12:44 PM
Share

অরিজিৎ সিং (Arijit Singh) প্লে ব্যাক ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করায় মন ভেঙে গিয়েছিল কোটি কোটি মানুষের। সেই ধাক্কা সামলানোর আগেই এবার বড় ধাক্কা এল হিন্দি গানের দুনিয়ায়। সুরকার প্রীতম চক্রবর্তী (Pritam Chakraborty)-র একটি নতুন সোশাল মিডিয়া পোস্ট ঘিরে এখন চারিদিকে হইচই পড়ে গিয়েছে। প্রীতমের এই পোস্ট দেখার পর অনুরাগীদের মনে এখন একটাই ভয়, তবে কি অরিজিতের মতোই এবার বলিউড থেকে চিরতরে বিদায় নিচ্ছেন প্রীতমও?

১৪ জুন ছিল এই জনপ্রিয় বাঙালি সুরকারের ৫৫তম জন্মদিন। এই বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছায় ভেসে যান তিনি। এরপরেই নিজের অ্যাকাউন্ট থেকে নিজের কিছু সাদা-কালো ছবি পোস্ট করেন প্রীতম। সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি এমন কিছু কথা লিখেছেন, যা পড়ে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনেকেই মনে করছেন, প্রীতম এবার বলিউড থেকে লম্বা বিরতি বা অবসর নিতে চলেছেন।

নিজের পোস্টে প্রীতম লিখেছেন, “আজকের এই বিশেষ দিনে আমি নিজেকে কয়েকটা বছর উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবার জীবনটাকে একটু অন্যভাবে বাঁচতে চাই। এতদিন ধরে যা কিছু মিস করেছি, সেগুলোর জন্য এবার সময় দিতে চাই।” তিনি আরও লেখেন, “এমন কিছু নতুন জার্নি শুরু করার সময় এসেছে, যা অনেকদিন ধরে আটকে ছিল। মেইনস্ট্রিম বা বলিউডের চেনা সফরটা দারুণ ছিল। তবে আমি সবসময়ই অচেনা রাস্তায় হাঁটতে বেশি ভালোবাসি। আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।”

View this post on Instagram

A post shared by Pritam (@ipritamofficial)

 

প্রীতমের এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে ভক্তরা নিজেদের মন খারাপের কথা জানাতে শুরু করেন। একজন লিখেছেন, “প্রথমে অরিজিৎ, আর এখন আপনি… বলিউডের চেনা গান থেকে আপনারা বিরতি নিলে মস্ত বড় ক্ষতি হয়ে যাবে।” অন্য একজন লিখেছেন, “প্রীতমদা, আপনিও অবসর নিচ্ছেন নাকি? প্লিজ যাবেন না।” যদিও প্রীতম তাঁর পোস্টে কোথাও সরাসরি ‘অবসর’ শব্দটি লেখেননি, তাও তাঁর এই কথাগুলো ভক্তদের মনে গভীর সংশয় তৈরি করেছে।

‘সুবহানাল্লাহ’, ‘কেসরিয়া’ থেকে শুরু করে ‘শায়াদ’, বিগত কয়েক বছর ধরে বলিউডের একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন প্রীতম। বিশেষ করে প্রীতম এবং অরিজিৎ জুটির গান মানেই ছিল শ্রোতাদের মনের খুব কাছের গান। চলতি বছরের শুরুতেই অরিজিৎ যখন গান থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন, তখনই মন ভেঙেছিল শ্রোতাদের। এবার প্রীতমের এই রহস্যময় পোস্ট সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। প্রীতম শেষ পর্যন্ত কী করতে চলেছেন, এখন সেদিকেই তাকিয়ে সবাই।

Follow Us