MP Wife Death: সংসদ ভবনের বাসভবন থেকেই উদ্ধার সাংসদের স্ত্রীর দেহ, মৃত্যু ঘিরে চরম রহস্য
Bangladesh MP Wife Death: এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, মৃত এই তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ক্লিপ গত জুলাই মাসে সারাদেশে ছড়িয়ে পড়েছিল।

ঢাকা: সংসদ ভবনের বাসভবনের ঘর থেকে উদ্ধার সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর দেহ। উত্তেজনা ঢাকা শেরেবাংলা নগর থানাধীন এমপি হোস্টেলে। জানা যাচ্ছে, রবিবার রাতে ২০৩ নম্বর ঘর থেকে রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম মরিয়ম বেগম। পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী সাতক্ষীরা এলাকার এই সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা বলে পরিচিত। অত্যন্ত সুরক্ষিত সংসদ ভবনের অভ্যন্তরীণ বাসভবন থেকে লাশ উদ্ধারের এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক তোলপাড়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, মৃত এই তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ক্লিপ গত জুলাই মাসে সারাদেশে ছড়িয়ে পড়েছিল। সেই সময় ওই বিতর্কিত ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর এমপি দাবি করেছিলেন যে, তিনি তাঁর প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই এই দ্বিতীয় বিয়ে করেছেন। তবে পরবর্তীতে তাঁর প্রথম স্ত্রী সেই দাবি পুরোপুরি অস্বীকার করে জানান, তিনি এই দ্বিতীয় বিয়ের ব্যাপারে কিছুই জানতেন না।
এমপির নির্দিষ্ট বাসভবন থেকে রহস্যজনক অবস্থায় মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট ও প্রাথমিক তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে এবং এটি হত্যা না আত্মহত্যা, তা দ্রুত উদ্ঘাটিত হবে।
