Alia Bhatt: আলিয়ার কাছে আসতেই সটান ধাক্কা! বডিগার্ডের আচরণে সোশাল মিডিয়ায় তুলকালাম
Alia Bhatt Bodyguard: আলিয়া ভাটের নতুন ছবি 'ডোন্ট বি সাই'-এর ট্রেলার লঞ্চে এক ভক্তকে ধাক্কা দিলেন তাঁর দেহরক্ষী। সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। ঠিক কী ঘটেছে?

আলিয়া ভাট (Alia Bhatt)-এর জনপ্রিয়তা এখন তুঙ্গে! প্রিয় তারকাকে চোখের সামনে দেখলে একটা সেলফি তোলার আবদার তো থাকেই। কিন্তু সেই সেলফি তুলতে গিয়েই এবার ঘটল চূড়ান্ত বিপত্তি। আলিয়ার এক ভক্তকে সবার সামনে কার্যত ধাক্কা মেরে সরিয়ে দিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী। আর এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল ক্ষোভ।
সেলফির আবদারে জুটল ধাক্কা
সম্প্রতি নিজের প্রযোজিত আগামী ছবি ‘ডোন্ট বি সাই’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া। অনুষ্ঠান শেষে বেশ হাসিমুখেই বেরিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় এক অনুরাগী প্রিয় নায়িকার সঙ্গে ফ্রেমবন্দি হতে ছুটে আসেন। কিন্তু আচমকাই আলিয়ার এক দেহরক্ষী ওই ভক্তকে ধাক্কা মেরে সরিয়ে দেন। গোটা ঘটনার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা দেহরক্ষীর এই অভব্য আচরণের তীব্র নিন্দা করেছেন। কেউ রাগে ফেটে পড়ে লিখেছেন, “ভক্তরাই তো তারকাদের তৈরি করে, তাঁরা না থাকলে এরা জিরো!” আবার কারও সোজা প্রশ্ন, “ছবি তুলতে গিয়ে এভাবে অপমানিত হওয়ার কোনও দরকার আছে কি?”
অতীত বলছে অন্য কথা
আলিয়া কিন্তু কখনও তাঁর অনুরাগীদের ফেরান না। স্বভাবতই তিনি সবার সঙ্গে খুব মিষ্টি ব্যবহার করেন। ২০২৪ সালে বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ঠিক এমনটাই ঘটেছিল। এক অনুরাগী ছবি তুলতে এলে তাঁর জামা টেনে ধরেছিলেন এক দেহরক্ষী। তখন আলিয়া নিজেই কড়া ধমক দিয়ে তাঁকে বলেছিলেন, “কাউকে স্পর্শ করবেন না।” তারপর সেই ভক্তকে কাছে ডেকে হাসিমুখে ছবি তুলেছিলেন নায়িকা। অনেকেরই ধারণা, এবারের ঘটনাটি ভিড় আর তাড়াহুড়োর কারণে হয়তো আলিয়ার চোখ এড়িয়ে গিয়েছে।
প্রযোজক হিসেবে নতুন চমক
আগামী ২৫ সেপ্টেম্বর প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে আলিয়া প্রযোজিত নতুন ছবি ‘ডোন্ট বি সাই’। এই ছবির মাধ্যমে চারজন নতুন মুখ এবং একজন নবাগত পরিচালককে বলিউডে সুযোগ দিচ্ছেন তিনি। ঠিক ১৪ বছর আগে নিজে অভিনয় শুরু করেছিলেন, আর আজ নতুনদের হাত ধরে আনছেন। আলিয়ার কথায়, “ক্যামেরার সামনে অভিনয় করতে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু প্রযোজক হিসেবে কাজ করা আমাকে একেবারে অন্যরকম একটা তৃপ্তি দেয়। এই আনন্দের সত্যি কোনও তুলনা হয় না।”
