Ameesha Patel: আমিশার মায়ের ৫ লাখের হীরের বালা চুরি! গ্রেফতার ৪০ বছরের পুরনো পরিচারিকা
Ameesha Patel Theft Case: বর্তমানে সহকারী পুলিশ ইনস্পেক্টর প্রদীপ চৌধুরীর নেতৃত্বে বিশেষ টিম ধৃত পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া হিরের বালাটি উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি, ধৃত সীমার আগে কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

বলিউড অভিনেত্রী অমিশা প্যাটেলের দক্ষিণ মুম্বইয়ের বাড়িতে বড়সড় চুরির ঘটনার কিনারা করল পুলিশ। অভিনেত্রীর মা আশা প্যাটেলের বাড়ি থেকে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের হিরে খচিত সোনার বালা চুরির অভিযোগে ৪০ বছর বয়সী এক পরিচারিকাকে গ্রেপ্তার করেছে মেরিন ড্রাইভ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত পরিচারিকার নাম সীমা বিনোদ ঘটে। তিনি ভিরারের বাসিন্দা এবং গত প্রায় দেড় বছর ধরে আশা প্যাটেলের বাড়িতে কাজ করছিলেন। ২০২৬ সালের জানুয়ারি মাসে আশা প্যাটেলের আলমারি থেকে ৫ লক্ষ টাকার হিরের বালাটি নিখোঁজ হয়। প্রথম থেকেই পরিচারিকা সীমার ওপর সন্দেহ ছিল আশা প্যাটেলের। তিনি বারবার তাঁকে জিজ্ঞাসাবাদ করলেও সীমা চুরির কথা অস্বীকার করেন। শেষমেশ কোনও উপায় না দেখে মেরিন ড্রাইভ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর মা।
ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৩০৬ ধারায় মামলা রুজু করে তদন্তে নামে মেরিন ড্রাইভ থানার পুলিশ। সিনিয়র পুলিশ ইনস্পেক্টর জীতেন্দ্ৰ কদম এবং পুলিশ ইনস্পেক্টর ভাটকরের নেতৃত্বে অপরাধ দমন শাখা ভিরার এলাকায় অভিযান চালিয়ে সীমা ঘটেকে হেফাজতে নেয়। অভিযুক্তকে আদালতে তোলা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সহকারী পুলিশ ইনস্পেক্টর প্রদীপ চৌধুরীর নেতৃত্বে বিশেষ টিম ধৃত পরিচারিকাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া হিরের বালাটি উদ্ধারের চেষ্টা করছে। পাশাপাশি, ধৃত সীমার আগে কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ২০০০ সালে হৃতিক রোশনের বিপরীতে ব্লকবাস্টার ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে স্বপ্নের আত্মপ্রকাশ ঘটেছিল অমিশা প্যাটেলের। এরপর সানি দেওলের সঙ্গে ‘গদর: এক প্রেম কথা’ তাঁর কেরিয়ারকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। মাঝে ‘আপ মুঝে অচ্ছে লাগনে লগে’, ‘আপ কি খাতির’-এর মতো একাধিক ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তাঁর কেরিয়ারে ভাটা পড়েছিল। তবে দীর্ঘ দুই দশক পর ২০২৩ সালে সানি দেওলের সঙ্গে ‘গদর ২’ ছবির অভাবনীয় সাফল্যের মাধ্যমে আবারও লাইমলাইটে ফিরে আসেন এই অভিনেত্রী।
