‘এবার আমাদের কী হবে?’ রণবীরকে প্রশ্ন শাহরুখের, কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?
ভাইরাল হওয়া ভিডিওটি একটি পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। তখন রণবীর সিং ইন্ডাস্ট্রিতে একদম নতুন। নিজের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এর জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন তিনি। হাতে ট্রফি নিয়ে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা।

‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’-এর গগণচুম্বী সাফল্যের পর এখন বক্স অফিসের বেতাজ বাদশা রণবীর সিং। গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি যখন এই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ, তখন নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন বলিউডের তাবড় তারকাদের ‘রহস্যময়’ নীরবতা নিয়ে। এই চাপানউতোরের মাঝেই সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও, যেখানে দেখা যাচ্ছে আবেগপ্রবণ রণবীর সিংকে সান্ত্বনা দিচ্ছেন স্বয়ং শাহরুখ খান।
ঠিক কী ঘটেছিল সেদিন?
ভাইরাল হওয়া ভিডিওটি একটি পুরনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। তখন রণবীর সিং ইন্ডাস্ট্রিতে একদম নতুন। নিজের প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এর জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন তিনি। হাতে ট্রফি নিয়ে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। বক্তব্য শেষ করে যখন তিনি মঞ্চ ছাড়তে যাবেন, তখনই তাঁকে কাছে ডেকে নেন অনুষ্ঠানের সঞ্চালক শাহরুখ খান।কান্নাভেজা চোখে রণবীরকে দেখে শাহরুখ স্বভাবসিদ্ধ রসিকতায় বলেন, “তুমি কেন কাঁদছ? কাঁদা তো আমাদের উচিত। তুমি ইন্ডাস্ট্রিতে এসে গিয়েছো, এবার আমাদের কী হবে ?” বাদশার এই কথা শুনে তখন হাসিতে ফেটে পড়ে গোটা অডিটোরিয়াম। দর্শকদের আসনে বসে থাকা সলমন খানকেও হাসতে দেখা যায় সেই ভিডিওতে।
শাহরুখ সেখানেই থামেননি। রণবীরকে বুকে টেনে নিয়ে তিনি বলেন, “আমাদের একটু জড়িয়ে ধরো, আমাদের একটু ভালোবাসা দাও। আমরা তোমাকে বলি যে তুমি কত ভালো এবং কত সুন্দর একজন অভিনেতা।” শাহরুখের পাশাপাশি মঞ্চে থাকা শাহিদ কাপুরও রণবীরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। এরপর শাহরুখ উপস্থিত সবার সামনে রণবীরকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, “এই সময়ের অন্যতম সেরা এবং সুন্দর একজন অভিনেতা।”
২০১০ সালে অনুষ্কা শর্মার বিপরীতে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন রণবীর। আজ যখন তাঁর ঝুলিতে ‘ধুরন্ধর ২’-এর মতো ৭০০ কোটির ব্লকবাস্টার, তখন শাহরুখের সেই পুরনো ভবিষ্যৎবাণীই যেন নতুন করে মনে করাচ্ছেন অনুরাগীরা।
