নন্দন বা সত্যজিতের বাড়িতে নয়, কোথায় শায়িত থাকবে অনীক দত্তর মরদেহ? বড় আপডেট দিল পরিবার
গত বুধবার দুপুরে দক্ষিণ কলকাতায় প্রাক্তন স্ত্রীর আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত এই পরিচালকের। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। এরপর এসএসকেএম হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয়।

প্রয়াত পরিচালক অনীক দত্তর শেষকৃত্য নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা অবশেষে কাটল। প্রথমে খবর রটেছিল, বৃহস্পতিবারই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে এবং শেষ শ্রদ্ধার জন্য তাঁর নশ্বর দেহ নন্দনে অথবা সত্যজিৎ রায়ের বাড়িতে নিয়ে যাওয়া হতে পারে। তবে পরিচালকের পরিবারের তরফে সেই জল্পনা নাকচ করে দেওয়া হয়েছে। অনীক দত্তর প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত ও কন্যা ঐশীর তরফে একটি বিশেষ বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার নয়, বরং শুক্রবার সম্পন্ন হবে তাঁর শেষযাত্রা এবং দেহ শায়িত থাকবে ‘এনটি ওয়ান’ স্টুডিয়োতে।
বাবার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে ইতিমধ্যেই সুইডেন থেকে কলকাতায় এসে পৌঁছেছেন কন্যা ঐশী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি ‘পিস ওয়ার্ল্ড’-এ যান বাবাকে শেষবারের মতো দেখতে। পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এনটি ওয়ান (নিউ থিয়েটার্স) স্টুডিয়োর চারতলায় পরিচালকের দেহ শায়িত রাখা হবে। সেখানে তাঁর পরিবার, দীর্ঘদিনের বন্ধুবান্ধব, চলচ্চিত্র জগতের সহকর্মী ও অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর দুপুর সাড়ে ১২টার পর এনটি ওয়ান স্টুডিয়ো প্রাঙ্গণ থেকেই শুরু হবে তাঁর শেষযাত্রা।
গত বুধবার দুপুরে দক্ষিণ কলকাতায় প্রাক্তন স্ত্রীর আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত এই পরিচালকের। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। এরপর এসএসকেএম হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ওপর থেকে পড়ে যাওয়ার অভিঘাতে পরিচালকের দেহ ও মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তাঁর মাথার বাঁ দিকের খুলির হাড় ও বাঁ দিকের পাঁজর ভেঙে গিয়েছে। এ ছাড়া, বাঁ দিকের পা ও কোমরে গুরুতর আঘাতের পাশাপাশি মুখ, পিঠ ও কোমরের বাঁ দিকে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। রিপোর্টে আরও জানানো হয়েছে যে, পতনের অভিঘাতে তাঁর ফুসফুসেও রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আপাতত শুক্রবার প্রিয় পরিচালককে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে টলিপাড়া।
