Calcutta High Court: ‘যা দেখা যাচ্ছে, রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার এক দিনের মধ্যেই গ্রেফতারি!’, কোন মামলায় বিচারপতির কড়া পর্যবেক্ষণ?
Atin Ghosh Bail Case: শুনানি পিছিয়ে যাওয়ার পরেই রাজ্যের উদ্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মামলাকারীকে যেন কোনওভাবেই গ্রেফতার না করা হয়। বিচারপতির পর্যবেক্ষণ, অনেক ক্ষেত্রেই দেখা যায়, রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার এক দিনের মধ্যেই পুলিশ তড়িঘড়ি গ্রেফতার করে ফেলছে।

কলকাতা: আদালতে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের স্বস্তি। কলকাতা হাই কোর্ট স্পষ্ট নির্দেশ দিল যে, মামলা বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে গ্রেফতার করা যাবে না। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অতীন ঘোষের আগাম জামিনের মামলার শুনানি ছিল। রাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কল্লোল মণ্ডল। মামলাকারীর পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে কিছু কারণে সেই শুনানি পিছিয়ে যায়।
শুনানি পিছিয়ে যাওয়ার পরেই রাজ্যের উদ্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মামলাকারীকে যেন কোনওভাবেই গ্রেফতার না করা হয়। বিচারপতির পর্যবেক্ষণ, অনেক ক্ষেত্রেই দেখা যায়, রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার এক দিনের মধ্যেই পুলিশ তড়িঘড়ি গ্রেফতার করে ফেলছে। এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেখা হবে। তবে মামলা বিচারাধীন থাকলে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না এবং এই বিষয়ে পুলিশকে পুনরায় নির্দেশ জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে অন্য একটি মামলার শুনানিতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি মন্তব্য করেন, পুলিশ কেন আদালতের উপর আস্থা রাখতে পারছে না? এর উত্তরে রাজ্যের আইনজীবী জানান, বিচারাধীন এবং অন্তর্বর্তীকালীন নির্দেশ থাকা মামলাগুলিতে পুলিশ যাতে কোনও রকম কড়া পদক্ষেপ না করে, তা নিশ্চিত করতে প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হবে।
প্রসঙ্গত, জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা অতীন ঘোষ। ইতিমধ্যেই ওই মামলায় কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধেও উচ্চ আদালতের কাছে আবেদন জানান অতীন।
