Arijit Singh: প্লেব্যাক ছেড়েছেন আগেই, এবার গায়ক হিসেবে ২০ বছর পার হতেই আরও বড় সিদ্ধান্ত নিলেন!
Arijit Singh announce new chapter of his careear: চলতি বছরের শুরুতেই অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভারতের ৯টি প্রধান শহরে এক বিশাল স্টেডিয়াম-স্কেল ট্যুরের ঘোষণা করলেন তিনি। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, নতুন দিল্লি, পুনে, ইন্দোর এবং হায়দরাবাদ—এই ৯টি মেগা সিটিতে অনুষ্ঠিত হবে তাঁর এই কনসার্ট।

আচমকাই সিনেমার প্লেব্য়াক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অরিজিৎ সিং। সোশাল মিডিয়ায় ফলাও করে তা স্পষ্টই জানিয়ে ছিলেন। তবে প্লেব্যাক ছাড়ার ঘোষণা করার সঙ্গেই অরিজিৎ জানিয়ে ছিলেন, তিনি প্লেব্যাক ছাড়লেও, কনসার্টে মন দেবেন। আর যেমন বলা, তেমনই কাজ। নিজের কেরিয়ারের ২০ বছর পূর্ণ হতেই বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অরিজিৎ সিং।
কী করলেন গায়ক?
সঙ্গীত দুনিয়ায় সাফল্যের সঙ্গে দুই দশক পার করে ফেললেন দেশের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং। এই বিশেষ মাইলফলক উদযাপন করতে চলতি বছরের শুরুতেই অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভারতের ৯টি প্রধান শহরে এক বিশাল স্টেডিয়াম-স্কেল ট্যুরের ঘোষণা করলেন তিনি। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, নতুন দিল্লি, পুনে, ইন্দোর এবং হায়দরাবাদ—এই ৯টি মেগা সিটিতে অনুষ্ঠিত হবে তাঁর এই কনসার্ট।
নিজের এই বিশেষ ট্যুর নিয়ে বলতে গিয়ে অরিজিৎ সিং এক বিবৃতিতে জানান, “সঙ্গীতের ২০ বছরের এই সফর আমার কাছে অত্যন্ত কৃতজ্ঞতার। এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশটি সবসময়ই এখানকার মানুষ ও শ্রোতারা, যাঁরা আমার গানগুলোকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন এবং তাদের নিজের করে নিয়েছেন।”
তিনি আরও যোগ করেন, “ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং স্টেডিয়ামের মঞ্চে সেই ভালোবাসাকে সরাসরি অনুভব করার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এত গান, এত স্মৃতি আর কত মানুষের সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত—সব মিলিয়ে আমি আর তর সইতে পারছি না।”
বিশেষ এই মিউজিক্যাল অভিজ্ঞতাকে ভক্তদের কাছে অন্য উচ্চতায় পৌঁছে দিতে কনসার্টে থাকছে অত্যাধুনিক আয়োজন। এর মধ্যে থাকবে ৩৬০-ডিগ্রি স্পেশাল অডিও, কাইনেটিক এলইডি ফিক্সচার, প্যানোরামিক স্ক্রিন, লেজার অ্যারে এবং চোখ ধাঁধানো স্টেডিয়াম-স্কেল পাইরোটুডনিক্স। লাইভ প্রোডাকশনের এই বিশাল আয়োজন ভক্তদের এক অনন্য অভিজ্ঞতা দেবে।
ট্যুরের অন্যতম আয়োজক ‘টিম ইনোভেশন’-এর প্রতিষ্ঠাতা মোহিত বিজলানি বলেন, “দেশের মানুষের কাছে এই মাত্রার একটি বিশাল দেশব্যাপী ট্যুর উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। ভারতের সবচেয়ে প্রিয় কন্ঠস্বরকে এতগুলো শহরে নিয়ে আসা আমাদের দলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মাইলফলক। এটি তাঁর অসামান্য সঙ্গীত উত্তরাধিকারের প্রতি এক আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”
‘কোটাক সলিটায়ার’-এর উপস্থাপনায় এই ইভেন্টটি প্রযোজনা ও প্রচার করছে ‘টিম ইনোভেশন’। অন্যদিকে, টিকিট পার্টনার ‘thumpN’-এর সিইও বরুণ খারে জানান, “খুব কম এমন শিল্পী আছেন যাঁদের কোনও ঘোষণার পর গোটা দেশ এক বাক্যে প্রশ্ন তোলে—টিকিট কবে থেকে বিক্রি শুরু হবে? অরিজিৎ সিং তাঁদের মধ্যে অন্যতম। তাঁর সঙ্গীতে মানুষকে একত্রিত করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। হাজার হাজার মানুষ একই জায়গায় দাঁড়িয়ে একই সুরে গান গাইবেন—এই শো ঠিক তেমনই হতে চলেছে।”
