
জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের প্লেব্যাক গায়কি থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরগরম গ্ল্যামার দুনিয়া। অনুরাগীদের মধ্যে যখন উদ্বেগের ছায়া, তখন অরিজিতের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানালেন বাবুল সুপ্রিয় এবং শান। তাঁদের মতে, অরিজিৎ যথেষ্ট বুদ্ধিমান এবং তিনি যা করেছেন তার পেছনে নিশ্চয়ই কোনও গভীর চিন্তাভাবনা রয়েছে।
সংবাদসংস্থা আইএএনএস (IANS)-এর সঙ্গে আলাপচারিতায় বাবুল সুপ্রিয় অরিজিতের মেধা ও শৈল্পিক সত্তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি অরিজিৎ অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। ও কেবল প্রতিভাবান নয়, আমাদের সময়ের অন্যতম সেরা গায়ক। যে শিল্পী নিজের কাজকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, তিনি নিশ্চিতভাবে তাঁর অনুভূতিগুলোকে কাজে রূপান্তর করতেও সক্ষম। তাই এই সিদ্ধান্তের পেছনে তিনি যে অনেক চিন্তাভাবনা করেছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।” বাবুল আরও যোগ করেন, অরিজিৎ কী করতে চাইছেন তা বোঝার জন্য আমাদের কিছুটা অপেক্ষা করা উচিত।
অন্যদিকে, অরিজিতের সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেটে চলতে থাকা নানা জল্পনা ও মনগড়া তত্ত্বে বিরক্ত গায়ক শান। তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, “আজ নেটদুনিয়ায় সবাই অরিজিতের সিদ্ধান্তের পেছনে নিজেদের মতো করে মানে খুঁজছেন। নানা ধরণের থিওরি সাজানো হচ্ছে। দয়া করে ধৈর্য ধরুন। সময় এলে ও নিজেই হয়তো জানাবে কেন এই সিদ্ধান্ত নিয়েছে। ততক্ষণ পর্যন্ত অন্য জরুরি বিষয় নিয়ে আলোচনা করাই শ্রেয়।”
অরিজিৎ সিং নিজে এখনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু না বললেও, ইন্ডাস্ট্রির সতীর্থদের এই সমর্থন একটি বিষয় পরিষ্কার করে দিচ্ছে, অরিজিৎ হয়তো গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কোনও সৃজনশীল পথে হাঁটতে চাইছেন। বড় পর্দার গান থেকে বিরতি নিলেও তাঁর কণ্ঠ যে স্তব্ধ হবে না, সেই আশাতেই বুক বাঁধছেন ভক্তরা।
পঙ্কজ ত্রিপাঠী থেকে বাবুল সুপ্রিয়— প্রত্যেকের কথাতেই একটা সুর স্পষ্ট, শিল্পীকে তাঁর নিজের মতো করে শ্বাস নিতে দেওয়া উচিত।