Bigg Boss Bangla: বিগ বসের কোন প্রতিযোগীর ভক্ত সানা? দাদার দরবারে গোপন কথা ফাঁস সৌরভের!
Bigg Boss Bangla Sourav: শনিবার দাদার দরবারে ঘটল এক দারুণ ঘটনা। বিগ বসের ঘরের এক প্রতিযোগীকে নিয়ে মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের গোপন পছন্দের কথা ফাঁস করলেন সৌরভ। অথচ আজই এভিকশন ডে-তে বিপদে সেই প্রতিযোগী! কে তিনি?

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে এখন টানটান উত্তেজনা। ফাইনালের টিকিট পেতে মরিয়া সব প্রতিযোগী। ঠিক এই সময়ই শনিবার ‘দাদার দরবারে’ ঘটল এক মজার ঘটনা। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় ফাঁস করে দিলেন এক গোপন কথা। ঘরের এক প্রতিযোগীকে নাকি ভীষণ পছন্দ করেন দাদার মেয়ে সানা গঙ্গোপাধ্যায়!
সানার পছন্দের সেই প্রতিযোগী কে?
শনিবারের পর্বে ঘরের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিজেই তোলেন সৌরভ। তিনি জানান, মেয়ে সানার পছন্দের প্রতিযোগী হলেন নিরঞ্জন ওরফে ‘নাড়ু’। হাসতে হাসতে দাদা নিরঞ্জনকে বলেন, “আমি ওকে জিজ্ঞেস করিনি কেন পছন্দ করে। আমি শুধু শুনেছি। সব কথা তো আর মেয়েরা বাবাকে বলে না! তবে বাড়ি গিয়ে ওকে নিশ্চয়ই জিজ্ঞেস করব, বিগ বসের বাড়িতে নাড়ুর কী এমন ভালো লেগেছে যে সে তার পছন্দের প্রতিযোগী হয়ে উঠল।” দাদার মুখে এই কথা শুনে একগাল হেসে ফেলেন নিরঞ্জন।
প্রশংসা পেলেও বিপদে নিরঞ্জন?
দাদার মেয়ের প্রশংসা পেলেও নিরঞ্জনের কপালে কিন্তু চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। কারণ আজই রবিবার, অর্থাৎ বিগ বসের ঘরে ‘এভিকশন ডে’। ঘর থেকে বাদ পড়ার তালিকায় রয়েছেন তিনজন তনুশ্রী, সৃজলা এবং নিরঞ্জন। রাজবীর নমিনেশনে থাকলেও শনিবার তাঁর নমিনেশনের বিপদ কেটে গিয়েছে।
গত সপ্তাহে ঘরের ভেতরে নিরঞ্জনের কিছু ব্যবহার নিয়ে সোশাল মিডিয়ায় বেশ সমালোচনা হয়েছে। বিশেষ করে রাজবীরের সঙ্গে তাঁর তীব্র ঝগড়া এবং ‘পাওয়ার দেখানো’-র মন্তব্য দর্শকদের একাংশ মোটেও ভালো চোখে দেখেননি। ভোটের হিসেবেও নাকি তিনি অনেকটাই পিছিয়ে পড়েছেন।
আজ কার কপাল পুড়বে?
দর্শকদের ভালোবাসায় ভোটের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন রাজবীর। জীতু ও সৃজলার সম্পর্কের মান-অভিমানও দর্শকদের নজর কেড়েছে। জলপাইগুড়ির সাধারণ মেয়ে তনুশ্রীও নিজের বুদ্ধিতে প্রতি সপ্তাহে টিকে যাচ্ছেন, যদিও এ সপ্তাহে তাঁর জায়গা একটু নড়বড়ে।
সব মিলিয়ে আজকের পর্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভোটের হিসেবে পিছিয়ে থাকা নিরঞ্জনই কি আজ ঘর ছাড়বেন? না তনুশ্রী বা সৃজলার বিগ বসের ঘর থেকে বিদায় নেওয়ার পালা? উত্তর মিলবে আজ রাতেই।
