AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bobby Deol Alia Bhatt: আলিয়ার সঙ্গে ঝগড়া তুঙ্গে! অবশেষে মুখ খুললেন ববি

Bobby Deol Breaks Silence: 'আলফা' ছবির শুটিং সেটে আলিয়া ভাটের সঙ্গে কি সত্যিই কোনও বিবাদ তৈরি হয়েছিল ববি দেওলের? শোনা যাচ্ছিল, শুটিং চলাকালীন নাকি ববি দেওল (Bobby Deol) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) মধ্যে তুমুল অশান্তি তৈরি হয়েছে। অবশেষে এই বিষয় মুখ খুললেন খোদ অভিনেতা।

Bobby Deol Alia Bhatt: আলিয়ার সঙ্গে ঝগড়া তুঙ্গে! অবশেষে মুখ খুললেন ববি
কী বলেছেন ববি?
| Updated on: Jun 01, 2026 | 1:28 PM
Share

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আসন্ন ছবি নিয়ে এমনিতেই দর্শকদের উন্মাদনার শেষ নেই। আর সেই ছবির নাম যখন ‘আলফা’, তখন কৌতূহল আরও কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু সম্প্রতি সোশাল মিডিয়ায় এমন এক খবর রটে গিয়েছে, যা শুনে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় সিনেপ্রেমীদের। কানাঘুষো শোনা যাচ্ছিল, শুটিং চলাকালীন নাকি ববি দেওল (Bobby Deol) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) মধ্যে তুমুল অশান্তি তৈরি হয়েছে। পরিস্থিতি নাকি এতটাই জটিল পর্যায়ে পৌঁছায় যে, দু’জনের মুখ দেখাদেখিও বন্ধ! কিন্তু এই খবরে কতটা সত্যতা রয়েছে? সত্যিই কি বলিউডের এই দুই তারকার মধ্যে কোনও দ্বন্দ্ব তৈরি হয়েছে? এবার এই বিষয়ে নিজেই মুখ খুললেন ‘লর্ড ববি’।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন শোয়ে উপস্থিত হয়েছিলেন ববি। সেখানেই এই চর্চিত বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। এই গুজব শুনে তিনি নিজেও যে কতটা অবাক হয়েছিলেন, তা অকপটে স্বীকার করেছেন অভিনেতা। তাঁর কথায়, এক বন্ধু তাঁকে এই গুজবের একটি স্ন্যাপশট পাঠিয়েছিলেন। সেটা দেখে রীতিমতো আকাশ থেকে পড়েন তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ববি বলেন, “খবরটি দেখে আমি নিজেই ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। আজকাল মানুষের হাতে এত অঢেল সময় যে, তাঁরা যা খুশি মনগড়া গল্প বানিয়ে লিখে দেয়!”

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই রটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। বরং সহ-অভিনেত্রী হিসেবে আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেতা। তিনি স্পষ্ট জানিয়েছেন, আলিয়া অত্যন্ত গুণী একজন অভিনেত্রী এবং ভীষণ পেশাদার। অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা প্রশংসনীয়। ‘আলফা’ ছবিতে বেশ কিছু দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য রয়েছে, আর সেগুলির জন্য আলিয়া আগে থেকেই সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। ববি আক্ষেপ করে বলেন, “আমার মাথায় ঢোকে না কারা কী ভেবে এই ধরনের গুজব রটায়! আমি তো আর সবাইকে প্রমাণ দিতে পারি না। সোশাল মিডিয়ায় মানুষ আজকাল ভীষণ প্রভাবিত হয়, কিন্তু ইনস্টাগ্রামে ঘুরে বেড়ানো গল্পের নব্বই শতাংশই যে ভুয়ো, তা অনেকেই বুঝতে পারেন না।”

প্রসঙ্গত, যশ রাজ স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি ‘আলফা’। এই ছবিতে আলিয়া এবং শর্বরী ওয়াঘকে মূল চরিত্রে অ্যাকশন করতে দেখা যাবে। এছাড়াও ববি দেওল এবং অনিল কাপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন। গত এক বছর ধরে বেশ কয়েকবার ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছে। প্রথমে কথা ছিল ২০২৬ সালের এপ্রিল মাসে মুক্তি পাবে এই স্পাই থ্রিলার। তবে নির্মাতারা অবশেষে আগামী ১০ জুলাই ছবিটির আনুষ্ঠানিক মুক্তির দিন হিসেবে চূড়ান্ত করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই ভক্তদের উত্তেজনা দ্বিগুণ হয়ে গিয়েছে। আপাতত সমস্ত জল্পনা দূরে সরিয়ে, রুপোলি পর্দায় এই ধুন্ধুমার অ্যাকশন দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।

Follow Us