Sajal Ghosh: ‘সংখ্যালঘু দফতরের আদৌ প্রয়োজন আছে?’, বিধানসভায় প্রশ্ন তুললেন সজল ঘোষ
BJP MLA Sajal Ghosh: রাজ্যপালের ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে মঙ্গলবার একাধিক সমস্যার কথা তুলে ধরেন সজল ঘোষ। হাসপাতালের বেহাল অবস্থা, রাস্তার দুরবস্থার কথা উল্লেখ করেন তাঁর বক্তব্যে। বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

কলকাতা: ‘সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে আমরাই মানুষে মানুষে বিভাজন তৈরি করছি।’ বিধানসভায় এমনটাই বললেন বরানগরের বিধায়ক সজল ঘোষ (Sajal Ghosh)। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে সংখ্যালঘু দফতর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বরানগর তথা রাজ্যের বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেন তিনি।
সংখ্যালঘু দফতর নিয়ে প্রশ্ন
সোমবার বাজেট পেশ হয়েছে বিধানসভায়। এরপর মঙ্গলবার সজল ঘোষ বলেন, “কাল এখান থেকে বেরনোর পর অনেকে আমাকে প্রশ্ন করছেন, সংখ্যালঘুদের জন্য কী করা হল? আমি সরকারে কাছে প্রশ্ন রাখতে চাই, রাষ্ট্র যদি নিরপেক্ষ হয়, সেখানে সংখ্যালঘু দফতরের আদৌ প্রয়োজন হয়? সংখ্যালঘু- সংখ্যাগুরু করে আমরা নিজেরাই মানুষে মানুষে বিভাজন করছি।”
সমস্যার কথা তুলে ধরলেন সজল
বরানগরের পরিস্থিতি, সমস্যার কথা তুলে ধরেন তিনি। হাসপাতাল থেকে রাস্তা, কোথাও কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ তোলেন তিনি। সজল ঘোষ বলেন, “সুপার স্পেশালিটি হলেও সাগর দত্তে অর্ধেক বিভাগ নেই।” রাস্তার অব্যবস্থা নিয়ে নগরোন্নয়ন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এতদিন আইন-শৃঙ্খলা বলে কিছু ছিল না বলে দাবি করেন তিনি। সরকারি স্কুলের হাল ফেরানোর কথাও বলেন।
সজল বলেন, “গত ১৫ বছরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়েছে। সেখানকার সন্ত্রাসবাদীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আহ্বান জানিয়েছিলেন।” সীমান্ত আরও সুরক্ষিত করার আবেজন জানান তিনি।
