‘আমার প্রমাণ করার কিছু নেই!’ আচমকা পোস্ট দীপিকার, কী হল?

বে সাম্প্রতিক খবর অনুযায়ী, অডিশন দিতে রাজি না হওয়ায় এই বড় সুযোগ হাতছাড়া করেছেন বলিউডের ‘মস্তানি’। এই জল্পনার মাঝেই সমাজমাধ্যমে দীপিকার একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। অনুরাগীদের ধারণা, নাম না করেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।

আমার প্রমাণ করার কিছু নেই! আচমকা পোস্ট দীপিকার, কী হল?

|

Feb 28, 2026 | 1:23 PM

হলিউডের জনপ্রিয় সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর চতুর্থ সিজনে কি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে? গত কয়েক দিন ধরে এই জল্পনায় উত্তাল ছিল বিনোদন দুনিয়া। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, অডিশন দিতে রাজি না হওয়ায় এই বড় সুযোগ হাতছাড়া করেছেন বলিউডের ‘মস্তানি’। এই জল্পনার মাঝেই সমাজমাধ্যমে দীপিকার একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। অনুরাগীদের ধারণা, নাম না করেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।

নিজের পোস্টে দীপিকা লিখেছেন, “শান্ত থাকতে পারাটাই হলো সবথেকে বড় ‘ফ্লেক্স’ বা শক্তি। যে কেউ মেজাজ হারাতে পারে, দ্রুত প্রতিক্রিয়া দিতে পারে কিংবা চিৎকার করে হইচই করতে পারে। সেটার জন্য কোনো শক্তির প্রয়োজন হয় না। আসল ক্ষমতার পরিচয় পাওয়া যায় তখনই, যখন চারপাশে বিশৃঙ্খলার মাঝেও আপনি ভেঙে পড়েন না।”

তিনি আরও যোগ করেন, “জীবন যখন বারবার আপনাকে খোঁচা দেবে, তখন আবেগের বশবর্তী না হয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখাটাই আসল কাজ। শান্ত থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি নিজের ওপর নিয়ন্ত্রণ বা মাস্টারি। আপনার যে কাউকে কোনও কিছু প্রমাণ করার বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, সেটা জানাই হলো আসল শক্তি। শব্দের নেশায় মত্ত এই পৃথিবীতে শান্ত থাকাটাই হলো একটা সুপারপাওয়ার।”

‘ভ্যারাইটি ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘দ্য হোয়াইট লোটাস’-এর নির্মাতারা চতুর্থ সিজনের জন্য দীপিকার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাঁদের পক্ষ থেকে দীপিকাকে একটি অডিশন দেওয়ার অনুরোধ জানানো হয়। সূত্রের খবর, বলিউডের প্রথম সারির এই তারকা অডিশন দিতে একেবারেই আগ্রহী ছিলেন না। আর সেই কারণেই এই প্রজেক্টটি তাঁর হাতছাড়া হয়।

উল্লেখ্য, এর আগে সিরিজের তৃতীয় সিজনের জন্যও দীপিকাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় তিনি অন্তঃসত্ত্বা থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন। যদি দীপিকা এই সিরিজে অভিনয় করতেন, তবে ২০১৭ সালের ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’-এর পর এটিই হতো তাঁর বড় কোনো হলিউড প্রজেক্ট। এর আগে ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করে আন্তর্জাতিক স্তরে নজর কেড়েছিলেন তিনি।

নেটদুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, দীপিকার মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীর অডিশন দেওয়ার প্রয়োজন নেই। আবার কারোর মতে, আন্তর্জাতিক স্তরে বড় প্রজেক্টের ক্ষেত্রে অডিশন একটি স্বাভাবিক প্রক্রিয়া।