Sunil Anand Passes Away: প্রয়াত দেব আনন্দ পুত্র সুনীল আনন্দ, লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ অভিনেতার
Dev Anand Son Bollywood News: দীর্ঘ ১৫ বছর পর ফের সেই একই ট্র্যাজেডির সাক্ষী থাকল আনন্দ পরিবার। প্রখ্যাত লেখিকা অনিতা পাড্ডা এক সংবাদমাধ্যমের কাছে সুনীল আনন্দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দেব আনন্দের প্রয়াণের পর থেকেই লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছিলেন সুনীল।

বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের বার্তা। প্রয়াত হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ পুত্র তথা অভিনেতা সুনীল আনন্দ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জানা গিয়েছে, সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে স্তম্ভিত গোটা সিনেমহল।
তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ঘটনাচক্রে, ২০১১ সালে এই একই লন্ডনের হাসপাতালেই প্রয়াত হয়েছিলেন স্বয়ং দেব আনন্দ। দীর্ঘ ১৫ বছর পর ফের সেই একই ট্র্যাজেডির সাক্ষী থাকল আনন্দ পরিবার। প্রখ্যাত লেখিকা অনিতা পাড্ডা এক সংবাদমাধ্যমের কাছে সুনীল আনন্দের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দেব আনন্দের প্রয়াণের পর থেকেই লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছিলেন সুনীল।
উল্লেখ্য, সুনীল আনন্দকে কেন্দ্র করে ‘এ কনভার্জেন্স অব সলিটিউডস’ নামে একটি বইও রচনা করেছিলেন লেখিকা অনিতা পাড্ডা। কিংবদন্তি দেব আনন্দ এবং বিশিষ্ট অভিনেত্রী কল্পনা কার্তিকের ঘর আলো করে জন্ম হয়েছিল সুনীলের। তারকাময় পরিবেশে শৈশব কাটানো সুনীলের সঙ্গে হিন্দি বিনোদন জগতের দিকপাল ব্যক্তিত্বদের গভীর সম্পর্ক ছিল। তাঁর দুই কাকা চেতন আনন্দ এবং বিজয় আনন্দও ছিলেন ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম দিকপাল পরিচালক।
আমেরিকান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর বাবার পথ অনুসরণ করেই সেলুলয়েডের জগতে পা রেখেছিলেন সুনীল। ১৯৮৪ সালে ‘আনন্দ অউর আনন্দ’ ছবির মাধ্যমে রূপোলি পর্দায় অভিনেতা হিসেবে তাঁর ডেবিউ হয়। কিন্তু ছবিটি বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য পায়নি। পরবর্তীতে বেশ কিছু চলচ্চিত্রে মুখ দেখালেও বাবা দেব আনন্দের মতো তারকাখ্যাতি অর্জন করতে পারেননি তিনি। ২০১১ সালে দেব আনন্দের প্রয়াণের পর, পারিবারিক প্রযোজনা সংস্থা ‘নবকেতন ফিল্মস’-এর ব্যাটন নিজের হাতে তুলে নিয়েছিলেন সুনীল আনন্দ।
