West Bengal Weather: কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ? কী বলছে আবহাওয়া দফতর?
Weather Update: বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইবে বাঁকুড়া পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আপাতত ঝড় বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।

কলকাতা: কোথায় দাঁড়িয়ে নিম্নচাপ? হাওয়া অফিসের শেষ আপডেট বলছে এই মুহূর্তে উত্তর ওড়িশা দক্ষিণ ঝাড়খণ্ড এবং ছত্তিসগঢ়ের উপর অবস্থান করছে। ধীরে ধীরে এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক দিয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিসগঢ়ের দিকে যাবে। কমে যাবে শক্তি। নিম্নচাপের জেরে সমুদ্র এবং সমুদ্র সংলগ্ন উপকূলের জেলাগুলিতে দমকা ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে এদিন মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলের অংশে এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। অন্যান্য জেলাতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওযা বইতে পারে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বাতাস বইবে বাঁকুড়া পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আপাতত ঝড় বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। তবে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। শনিবার ও রবিবার উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
