Dhanush: রজনীকান্তের জন্য বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন ধনুষ! কী করেছেন অভিনেতার প্রাক্তন শ্বশুর ‘থালাইভা’?
Rajinikanth Dhanush News Update: ১৫ অক্টোবর রুপোলি পর্দায় ঝড় তুলতে আসছে রজনীকান্তের নতুন ছবি। আর তাই সুপারস্টারের প্রতি সম্মান জানিয়ে কোনও ধরনের বক্সঅফিস যুদ্ধে না গিয়ে স্বেচ্ছায় নিজের ছবির কাজ স্থগিত করলেন ধনুষ। আপাতত ছবির নতুন রিলিজ ডেট গোপনই রাখা হয়েছে।

সম্পর্কের প্রাক্তন সমীকরণ ফিকে হলেও শ্রদ্ধা যে মুছে যায়নি, তা আরও একবার স্পষ্ট করে দিলেন দক্ষিণী তারকা ধনুষ। প্রাক্তন শ্বশুর থালাইভা রজনীকান্তের মেগা রিলিজের সঙ্গে মুখোমুখি সংঘাত এড়াতে পিছিয়ে দিলেন নিজের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘ওম’-এর মুক্তি।
জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতার নতুন অ্যাকশন-থ্রিলার ‘ওম: চ্যাপ্টার ১’ আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল। কিন্তু তার ঠিক এক দিন আগেই, অর্থাৎ ১৫ অক্টোবর রুপোলি পর্দায় ঝড় তুলতে আসছে রজনীকান্তের নতুন ছবি। আর তাই সুপারস্টারের প্রতি সম্মান জানিয়ে কোনও ধরনের বক্সঅফিস যুদ্ধে না গিয়ে স্বেচ্ছায় নিজের ছবির কাজ স্থগিত করলেন ধনুষ। আপাতত ছবির নতুন রিলিজ ডেট গোপনই রাখা হয়েছে।
সোশাল মিডিয়ায় এই সংবেদনশীল সিদ্ধান্তের কথা জানিয়ে ধনুষ লেখেন, নির্দিষ্ট সময়ে ছবি পিছনো মোটেই সহজ কাজ নয়। তবে যুগের পর যুগ ধরে রজনীকান্তকে তাঁরা যে ভালবাসা ও সম্মান দিয়ে এসেছেন, সেই শ্রদ্ধাবোধ থেকেই এই সিদ্ধান্ত। তাঁর কথায়, “আমাদের প্রিয় রজনীকান্ত স্যারের ছবি ১৫ অক্টোবর আসছে। তাঁর কাজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই ‘ওম’-এর মুক্তি আপাতত পিছিয়ে দেওয়া হল।”
উল্লেখ্য, ২০০৪ সালে রজনীকান্তের জ্যেষ্ঠ কন্যা ঐশ্বর্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধনুষ। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে ২০২২ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। কিন্তু ব্যক্তিগত জীবনের টানাপোড়েন বা বিচ্ছেদ যে গুরুজনের প্রতি শ্রদ্ধায় কোনও আঁচ ফেলতে পারেনি, ধনুষের এই সুচিন্তিত পদক্ষেপে তা আরও একবার প্রমাণিত হল।
শুধু রজনীকান্তের ছবিই নয়, এবার দীপাবলির মতো বড় উৎসবের রিলিজ থেকেও নিজেকে সরিয়ে রাখছেন তিনি। কারণ, সেই সময়েও আগে থেকে এক অন্য বড় বাজেটের সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। ধনুষের মতে, সিনেমার বৃহত্তর স্বার্থে ও সুস্থ প্রতিযোগিতার খাতিরে অন্যান্য ছবির ঘোষিত তারিখকে সম্মান জানানো প্রয়োজন।
বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত এই তামিল অ্যাকশন-থ্রিলারের গল্প নিয়ে পরিচালক এখনই সব কার্ড খুলতে নারাজ। তবে মম্মুট্টির মতো মহাতারকার উপস্থিতি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত কলাকুশলীদের রসায়নে ‘ওম’ নিয়ে দর্শকদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে।
