রণবীরকে আদালতের কড়়া নির্দেশ, ক্ষমা চাইতে হবে! এবার কী করলেন ‘ধুরন্ধর’ নায়ক?

ঠিক তখনই বাস্তব জীবনে আইনি গেরোয় বন্দি হলেন বলিউড সুপারস্টার রণবীর সিং। গত বছরের একটি বিতর্কিত আচরণের জেরে এবার কর্ণাটক হাইকোর্টের কড়া নির্দেশের মুখে পড়তে হল অভিনেতাকে। আগামী ১০ এপ্রিলের মধ্যে তাঁকে আদালতে হলফনামা জমা দিয়ে ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রণবীরকে আদালতের কড়়া নির্দেশ, ক্ষমা চাইতে হবে! এবার কী করলেন ধুরন্ধর নায়ক?

|

Mar 24, 2026 | 6:13 PM

পর্দায় ‘ধুরন্ধর ২’-এর দাপটে যখন বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে, ঠিক তখনই বাস্তব জীবনে আইনি গেরোয় বন্দি হলেন বলিউড সুপারস্টার রণবীর সিং। গত বছরের একটি বিতর্কিত আচরণের জেরে এবার কর্ণাটক হাইকোর্টের কড়া নির্দেশের মুখে পড়তে হল অভিনেতাকে। আগামী ১০ এপ্রিলের মধ্যে তাঁকে আদালতে হলফনামা জমা দিয়ে ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার নেপথ্যে রয়েছে গত বছরের শেষ দিকে একটি অনুষ্ঠান মঞ্চে রণবীরের পারফরম্যান্স। অভিযোগ, ব্লকবাস্টার ছবি ‘কান্তারা’র একটি দৃশ্য অনুকরণ করতে গিয়ে রণবীর সিং ছবির মুখ্য অভিনেতা ঋষভ শেট্টিকে উপহাস করেন। শুধু তাই নয়, ছবির অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধেয় ‘চামুণ্ডাদেবী’র চরিত্রটিকে মঞ্চে অভিনয় করে দেখানোর সময় তিনি দেবী সম্পর্কে ‘মহিলা ভূত’ (Lady Ghost) শব্দবন্ধটি ব্যবহার করেন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। হিন্দু ধর্মাবলম্বীদের একাংশ এবং কর্ণাটকের স্থানীয় মানুষ রণবীরের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলেন।

কর্ণাটক হাইকোর্টে এই মামলার শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন রণবীরের তীব্র সমালোচনা করে জানান, “জনপ্রিয় তারকা হওয়ার অর্থ এই নয় যে আপনি অন্যের ধর্মীয় বিশ্বাস নিয়ে উপহাস করার অধিকার পেয়ে গিয়েছেন। আপনার জনপ্রিয়তা সাধারণ মানুষের ওপর গভীর প্রভাব ফেলে, তাই আপনার দায়বদ্ধতাও সাধারণের চেয়ে অনেক বেশি। আপনাকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।”

আদালত স্পষ্ট করে দিয়েছে, আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানির দিন রণবীরকে লিখিত হলফনামা দিয়ে ক্ষমা চাইতে হবে। তবে মামলাকারী আইনজীবী প্রশান্ত মেথলের দাবি, কেবল আদালতে ক্ষমা চাইলেই হবে না; রণবীরকে প্রকাশ্যে সমাজমাধ্যমে এসেও সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

রণবীরের আইনি পরামর্শদাতার পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিনেতা নিজের মন্তব্যের জন্য অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তিনি শীঘ্রই লিখিতভাবে ক্ষমা চাইবেন। শুধু তাই নয়, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে রণবীর মহীশূরের পবিত্র চামুণ্ডাদেবী মন্দিরে গিয়ে সশরীরে ক্ষমা চেয়ে আসার পরিকল্পনাও করেছেন। বক্স অফিসের জয়জয়কারের মাঝে এই আইনি ধাক্কা রণবীরের ইমেজে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Follow Us