AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor: ‘ও তো অ্যানিম্যাল…’, রণবীরের ‘রাম’ রূপ দেখে কী বললেন ‘সীতা’ দীপিকা?

Ranbir Kapoor Ramayana Movie : ছবির বিশাল ক্যানভাস ও চোখধাঁধানো গ্রাফিক্সের প্রশংসা হলেও, শ্রীরামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে নেটপাড়ায় আলোচনা চলছে। অনেকেই ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে রণবীরের অভিনীত চরিত্রের কথা টেনে এনে এই কাস্টিং নিয়ে প্রশ্ন তুলছেন।

Ranbir Kapoor: 'ও তো অ্যানিম্যাল...', রণবীরের 'রাম' রূপ দেখে কী বললেন 'সীতা' দীপিকা?
| Updated on: Jul 31, 2026 | 1:28 PM
Share

নিতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’ সিনেমাটি ঘিরে দীর্ঘদিন ধরেই বিনোদন জগতে তুঙ্গে উন্মাদনা। সম্প্রতি বহু প্রতীক্ষিত ছবিটির ট্রেলার প্রকাশ্যে আসার পর সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। ছবির বিশাল ক্যানভাস ও চোখধাঁধানো গ্রাফিক্সের প্রশংসা হলেও, শ্রীরামের চরিত্রে রণবীর কাপুরের অভিনয় নিয়ে নেটপাড়ায় আলোচনা চলছে। অনেকেই ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে রণবীরের অভিনীত চরিত্রের কথা টেনে এনে এই কাস্টিং নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এই বিতর্কের মাঝেই রণবীরের সমর্থনে এগিয়ে এলেন রামানন্দ সাগরের ঐতিহাসিক ‘রামায়ণ’ ধারাবাহিকের কালজয়ী ‘সীতা’ অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিখলিয়া।

সম্প্রতি ‘হিন্দি রাশ’ (Hindi Rush) পডকাস্টে উপস্থিত হয়ে দীপিকা চিখলিয়া কাস্টিং সংক্রান্ত এক প্রশ্নের জবাবে রণবীরের পক্ষ নেন। তিনি স্পষ্ট জানান, বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করাই একজন অভিনেতার প্রধান কাজ এবং অতীতের কোনও চরিত্রের ভিত্তিতে একজন শিল্পীকে বিচার করা অনুচিত।

রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবং নিজের প্রসঙ্গ টেনে দীপিকা হাসিমুখে বলেন, “ও তো একজন অভিনেতা। এমন তো নয় যে আমরা আকাশ থেকে নেমে এসেছিলাম!” তিনি আরও যোগ করেন, “একজন অভিনেতার জন্য নানা ধরনের বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে পারাটা অনেক বড় ব্যাপার। যে ‘বরফি’ করতে পারে, সে ‘অ্যানিম্যাল’-ও করতে পারে। আবার যে ‘অ্যানিম্যাল’ করতে পারে, সে শ্রীরামের চরিত্রেও অভিনয় করতে পারে। ভাবুন তো ওঁর ভাগ্য কতটা ভালো যে ও এমন সব চরিত্র পাচ্ছে! ও সত্যিই ভাগ্যবান এবং ও যে এই কাজটা করছে, তা ভীষণ ভালো দিক।”

অন্যদিকে, নিজের কাস্টিং নিয়ে শুরু হওয়া আলোচনা ও সমালোচনা সম্পর্কে রণবীর কাপুর নিজেও যে সচেতন, তা সম্প্রতি প্রকাশ পেয়েছে। গত সপ্তাহে ‘সান দিয়েগো কমিক-কন’-এ ‘রিভিউ নেশন’ ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানান, এই অমূল্য সুযোগটি পাওয়ার পর তাঁর মনেও প্রথমে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন জেগেছিল।

রণবীর বলেন, “আমার মাথায় প্রথম যে প্রশ্নটি এসেছিল তা হল— আমি কি যোগ্য? আমি কি সঠিক ব্যক্তি? আর হাজার বছর ধরে আমাদের অবচেতন মনে গেঁথে থাকা শ্রীরামকে পর্দায় ফুটিয়ে তোলার এই বিশাল দায়িত্ব আমায় কেন দেওয়া হল? তবে খুব দ্রুতই আপনি এই দায়িত্বের গুরুত্ব এবং নির্মাতাদের সৎ উদ্দেশ্য বুঝতে পারবেন। তাই আমার মনে হয় না শ্রীরামের চরিত্রে অভিনয় করার জন্য নির্দিষ্ট কোন ‘সঠিক অভিনেতা’ হতে পারে।”

উল্লেখ্য, নিতেশ তিওয়ারি পরিচালিত এই তারকাবহুল ‘রামায়ণ’-এ রণবীর কাপুর ছাড়াও সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সানি দেওল, রকুল প্রীত সিং ও রবি দুবেকে দেখা যাবে। ছবির প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এবং এর দ্বিতীয় পর্বটি তার পরের বছর, অর্থাৎ ২০২৭ সালের দীপাবলিতে রুপোলি পর্দায় আসবে।

Follow Us