বড় চমক! কাকাবাবু এবার কাশ্মীরে…কবে আসছে প্রসেনজিতের পঞ্চম কাকাবাবু?

২০২৬-এ এখনও পর্যন্ত একমাত্র সুপারহিট বাংলা ছবি 'বিজয়নগরের হীরে'। কাকাবাবু সিরিজের এই ছবিটা দর্শকের একটা বড় অংশের এতটাই পছন্দ হয়েছে যে, তাঁরা চাইছিল, আবার কাকাবাবু হোক। বড় খবর হলো, সত্যি বড়পর্দায় কাকাবাবু হয়ে ফিরছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। এবারের ছবির নাম 'ভয়ংকর সুন্দর'।

বড় চমক! কাকাবাবু এবার কাশ্মীরে...কবে আসছে প্রসেনজিতের পঞ্চম কাকাবাবু?

| Edited By: আকাশ মিশ্র

Feb 13, 2026 | 9:21 PM

২০২৬-এ এখনও পর্যন্ত একমাত্র সুপারহিট বাংলা ছবি ‘বিজয়নগরের হীরে’। কাকাবাবু সিরিজের এই ছবিটা দর্শকের একটা বড় অংশের এতটাই পছন্দ হয়েছে যে, তাঁরা চাইছিল, আবার কাকাবাবু হোক। বড় খবর হলো, সত্যি বড়পর্দায় কাকাবাবু হয়ে ফিরছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। এবারের ছবির নাম ‘ভয়ংকর সুন্দর’।

কাকাবাবু সিরিজের এবারের ছবিটা মুক্তি পাওয়ার পর থেকে নিয়মিত দর্শকদের মাঝে পৌঁছে গিয়েছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। ১৩ ফেব্রুয়ারি তিনি উপস্থিত ছিলেন নন্দন-এ। সেখানে দর্শকদের মাঝে দাঁড়িয়েই হঠাত্‍ সুখবর দিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে সৃষ্ট ‘ভয়ংকর সুন্দর’-কে বড়পর্দায় নিয়ে আসবেন পরিচালক চন্দ্রাশিস রায়। লক্ষণীয় কাকাবাবু ছবি মুক্তির পর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন প্রসেনজিত্‍। তাই ছবির সাফল্য আর পুরস্কারের আনন্দ যেন মিলেমিশে গিয়েছে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, “কাকাবাবু শুধুমাত্র একটি চরিত্র নয়, একটা অনুভূতি। চতুর্থ ছবির জন্য যে ভালোবাসা পেয়েছি, তা আমাদের গভীরভাবে আপ্লুত করেছে। আজ দর্শকদের মাঝখানে ‘ভয়ংকর সুন্দর’-এর ঘোষণা সেই মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে। যেন এক সম্মিলিত উদ্‌যাপন। প্রতিটি অধ্যায়ে আমাদের চেষ্টা থাকে সুনীল গঙ্গোপাধ্যায়ের ঐতিহ্যকে সম্মান জানিয়ে কাকাবাবুকে এমনভাবে উপস্থাপনা করা, যাতে সেই চরিত্র প্রাসঙ্গিক আর হৃদয়স্পর্শী হয়।”

পরিচালক চন্দ্রাশিস রায় যোগ করলেন, “দর্শকদের থেকে যে পরিমাণ সাড়া পেলাম, তা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে, কাকাবাবুকে বড়পর্দায় আবারও আনা যেতে পারে। ‘ভয়ংকর সুন্দর’ নতুন আবেগ ও রোমাঞ্চের ভূখণ্ডে প্রবেশ করবে, মূল সাহিত্যকে অক্ষুণ্ণ রেখেই।” ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘ভয়ংকর সুন্দর’ দর্শকদের নিয়ে যাবে কাশ্মীরের অপার ও অনাবিষ্কৃত প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে এক রুদ্ধশ্বাস অভিযানে। এবার বিপদ আর সৌন্দর্য পাশাপাশি অবস্থান করবে। ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালে। দুর্গাপুজো বা বড়দিনে আসবে কি এই ছবি? উত্তর খোঁজার অপেক্ষা।

Loading...
Unable to load recommendations.
Follow Us