নারীর স্বাধীনতা ও প্রতিবাদের সুর, পর্দায় এবার পাঁচ নারীর গল্প ‘পরশমণি’
পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায় ও কৌশিক সেনের মতো অভিজ্ঞ অভিনেতারা। ছবির অন্যতম বড় আকর্ষণ এই ছবির সঙ্গীত, যার পরিচালনার দায়িত্ব যৌথভাবে সামলাচ্ছেন সুরজিৎ চট্টোপাধ্যায়, ঋজু রায় এবং চন্দন রায়চৌধুরী।

নারীর স্বাধীনতা, মুক্তি, ক্ষমতায়ন, আত্মপরিচয়ের সন্ধান এবং বন্ধুত্বের নানা অনুভূতিকে কেন্দ্র করে আসছে নতুন বাংলা ছবি ‘পরশমণি’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক গুল বাহার সিংয়ের পরিচালনায় এই ছবি এক ভিন্ন আঙ্গিকে তুলে ধরতে চলেছে পাঁচ নারীর জীবনসংগ্রাম, স্বপ্ন ও সম্পর্কের টানাপোড়েন।
‘সিন অ্যান্ড সোল এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে প্রযোজক প্রতীক বাসওয়ানির প্রযোজনায় নির্মিত হতে চলেছে এই ছবি। ছবিতে পাঁচ প্রধান নারীচরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রীতমা মিত্র, অঙ্কিতা ব্রহ্ম, ঐশিকী ঘটক, অদিতি বিষ্ণু এবং ইপ্সিতা নাগকে। এ ছাড়াও প্রধান চরিত্রে থাকছেন রাহুল গঙ্গোপাধ্যায়। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায় ও কৌশিক সেনের মতো অভিজ্ঞ অভিনেতারা। ছবির অন্যতম বড় আকর্ষণ এই ছবির সঙ্গীত, যার পরিচালনার দায়িত্ব যৌথভাবে সামলাচ্ছেন সুরজিৎ চট্টোপাধ্যায়, ঋজু রায় এবং চন্দন রায়চৌধুরী।
মধ্যবিত্ত পরিবারের পাঁচ শিক্ষিত তরুণীকে ঘিরে আবর্তিত হয়েছে ‘পরশমণি’র কাহিনী। জীবনের নানা পর্যায়ে প্রত্যেকেই পুরুষতান্ত্রিক মানসিকতা, সামাজিক অবিচার কিংবা সম্পর্কের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সেই বঞ্চনা থেকেই জন্ম নেয় ক্ষোভ, অভিমান এবং নিজেদের শর্তে মাথা উঁচু করে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। তবে সমস্ত প্রতিকূলতা ছাপিয়ে তাঁদের এক সুতোয় বেঁধে রাখে সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা। সেই ভালোবাসাকে সম্বল করেই তারা গড়ে তোলে নিজেদের মিউজিক্যাল ব্যান্ড— ‘পরশমণি’। ধীরে ধীরে তাদের গান মানুষের মন জয় করতে শুরু করে। মঞ্চের আলো ও সুরের শক্তিকে সঙ্গী করে তারা ফিরে পেতে থাকে নিজেদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ও স্বতন্ত্র পরিচয়। কিন্তু একসঙ্গে পথচলার শুরুতে তারা একটি কঠিন শর্ত বেঁধে দেয়— কেউ প্রেমে পড়বে না, বিয়ে করবে না কিংবা সম্পর্কের কাছে নিজেদের স্বাধীনতা বিসর্জন দেবে না। কিন্তু মানুষের তৈরি নিয়মে কি জীবনের সমস্ত অনুভূতিকে বেঁধে রাখা যায়? এই প্রশ্নকেই সামনে রেখেই এগিয়ে চলে ছবির গল্প।
পরিচালক গুল বাহার সিংয়ের ভাবনায়, এই ছবির পাঁচ নারীর কাছে সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং তা আত্মপ্রকাশের ভাষা, প্রতিবাদের হাতিয়ার এবং স্বাধীন সত্তা প্রতিষ্ঠার শক্তি। কখনও তাঁদের গান হয়ে ওঠে বিদ্রোহের সুর, আবার কখনও কোমল অনুভূতির প্রকাশ। ছবির মূল বার্তা কেবল পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ নয়, বরং ভালোবাসা ও সম্পর্কের জটিলতাকেও এখানে গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অতীতের আঘাত ও অবিশ্বাস পেরিয়ে ভালোবাসার নিজস্ব ভাষায় জীবনকে নতুন করে চিনে নেওয়ার এক অনবদ্য সফর দেখাবে এই ছবি।
নতুন প্রজন্মের প্রতিশ্রুতিমান অভিনয়শিল্পীদের সঙ্গে খরাজ মুখোপাধ্যায় ও কৌশিক সেনের মতো অভিজ্ঞ অভিনেতাদের উপস্থিতি ছবিটিকে এক অন্য মাত্রা দেবে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরের শেষ দিক থেকেই শুরু হওয়ার কথা ছবির শুটিং। এরপর সব ঠিকঠাক থাকলে ২০২৭ সালের প্রথমার্ধেই বড় পর্দায় মুক্তি পাবে ‘পরশমণি’। সঙ্গীত, প্রতিবাদ এবং আত্ম-অন্বেষণের এই আবেগঘন আখ্যান দর্শকদের মনে কতটা দাগ কাটে, এখন সেটাই দেখার অপেক্ষা।
