বাচ্চা অঙ্কে শূন্য পায়, ভয়ের কারণে বমি করে, কীভাবে কাটাবেন সেই ভীতি?
Fear In Mathematics: কুট্টুসের কথা জানেন? বাচ্চাটা এত্ত অঙ্কে ভয় পায় যে, পরীক্ষার আগে সারারাত জেগে থাকে। পরীক্ষার হলে ঢোকার আগে বাবার স্কুটার থেকে নামতে চায় না। বমি করে। কুট্টুসের মতো কি আপনার বাচ্চারও অঙ্কে ভীতি, কীভাবে কাটাবেন ভয়?

এক বাচ্চার কথা বলা যাক এখানে। বাচ্চাটি ক্লাস থ্রিতে পড়ে। সব বিষয়ে ভাল নম্বর আনতে পারে। তবে অঙ্কে সে এক্কেবারে গোল্লা। কিছুতেই পাশ করতে পারে না। এ দিকে বাড়ির লোকের মাথায় হাত। অঙ্কে ভাল না মানে, কোনও বিষয়ে সে ভাল না… এই কথাটা বাচ্চাটিকে বারবার শোনানো হয়েছে। ফলে বাচ্চাটির মনে হীনমন্যতা তৈরি হয়েছে। লেখাপড়া থেকে মন সরতে শুরু করেছে তাঁর। পড়াশোনায় অনীহার কারণে হাফ ইয়ার্লি পরীক্ষায় বাচ্চাটির অন্যান্য বিষয়েও খারাপ নম্বর আসতে শুরু করেছে। বাড়ির লোকেদের জিজ্ঞাস্য–কীভাবে মিটবে এই সমস্যা? কীভাবে কমবে বাচ্চার অঙ্কের প্রতি ভীতি?
এখানে কিছু বিষয়ের দিকে নজর দেওয়া বাঞ্ছনীয়। যেমন–
১. বাচ্চা যে অঙ্ক করতে ভয় পায়, সেটা তাঁকে বারবার মনে করাবেন না। অঙ্ক যে হাতিঘোড়া বিষয় নয়, সেটা তাঁকে বোঝাতে শুরু করে দিন এখন থেকেই।
২. অঙ্কে খারাপ মানে অন্যান্য বিষয়তেও সে খারাপ, এটা বলা বন্ধ করুন। কেউ অঙ্কে কাঁচা হতেই পারে। বাংলা-ইংরেজি-ইতিহাস ভালবাসতে পারে। সেটা সেই বাচ্চার সহজাত গুণ। ভীতি ঢুকিয়ে বাচ্চার সহজাত ভালটাকে নষ্ট করবেন না।
৩. খেলার ছলে অঙ্ক শেখাতে শুরু করে দিন। এক সমীক্ষায় জানা গিয়েছে–ব্লক গেম, ধাঁধা, সুদোকু, কার্ড গেমের মাধ্যমে অঙ্কের প্রতি আগ্রহ এবং ভালবাসা তৈরি হয় বাচ্চাদের। সেটা করাতে শুরু করুন।
৪. বাড়ির বিভিন্ন কাজকর্মের মধ্যে অঙ্ক ঢোকাতে শুরু করে দিন। বাজার করার সময় বাচ্চাকে সঙ্গে নিয়ে যান। টাকাপয়সার হিসাব করতে দিন তাঁকে।
এতেও যদি অঙ্কের প্রতি আপনার সন্তানের আগ্রহ তৈরি না হয়, তা হলে তাঁকে অকারণ বকাঝকা করে কটূ কথা বলবেন না কিংবা অন্য বাচ্চার সঙ্গে তুলনা টানবেন না। তাতে হিতে বিপরীত হবে। জানবেন, প্রত্যেক বাচ্চাই স্পেশ্যাল। কোনও না-কোনও গুণ নিয়ে জন্ম নেয় সে। অঙ্কে ভাল না হলে জীবন অন্ধকার নয় কখনওই। এই দৃষ্টিভঙ্গি পাল্টান আগে।
