
কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর আইটেম গানটি নিয়ে দেশজুড়ে চলা বিতর্কে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন কঙ্গনা রানাউত। তাঁর মতে, সস্তা প্রচার এবং দর্শকদের নজর কাড়তে গিয়ে বলিউড শালীনতার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে। এই ধরনের বিষয়বস্তু নিয়ন্ত্রণে কঠোর সেন্সরশিপ বা আইনি নজরদারির দাবি তুলেছেন তিনি।
সংবাদসংস্থা এএনআই (ANI)-এর শেয়ার করা একটি ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা যায়, “বলিউড অশ্লীলতা এবং পিআর ট্যাকটিক্সের মাধ্যমে সস্তা প্রচারের সব সীমা ছাড়িয়ে গিয়েছে। সারা দেশ এদের নিন্দা করছে, কিন্তু আমার মনে হয় না এদের কোনো লজ্জা আছে।” তিনি আরও যোগ করেন যে, এই প্রবণতা নতুন কিছু নয়, ছোটবেলা থেকেই মানুষ এই ধরনের গান শুনে আসছে। তবে বর্তমান সময়ে এর মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে পরিবারের সদস্যদের সঙ্গে বসে টেলিভিশন দেখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
কঙ্গনা জানান, আগে অনেক সময় এই ধরনের কুরুচিকর কন্টেন্টের ওপর বিধিনিষেধ জারি করা হতো। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গান বা সিনেমায় যেভাবে যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা বা দৃশ্য ব্যবহার করা হচ্ছে, তা নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করেন এই অভিনেত্রী-সাংসদ।
উল্লেখ্য, ‘কেডি: দ্য ডেভিল’ ছবির এই গানটি মুক্তি পাওয়ার পর থেকেই দ্ব্যর্থবোধক সংলাপ এবং ‘ভলগার’ নাচের মুদ্রার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ইতিমধ্যেই মানবাধিকার কমিশনের নির্দেশে ইউটিউব থেকে গানটি সরিয়ে নিয়েছেন নির্মাতারা। এবার কঙ্গনার এই মন্তব্য বিতর্ককে আরও উসকে দিল।