AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood News: বিকিনি পরে রাখি পরানোর কী দরকার! কৃতিকে নিয়ে বোমা ফাটালেন কঙ্গনা

Kriti Sanon Rakhi Ad: কৃতি শ্যাননের নতুন একটি রাখি স্পেশ্যাল বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এবার সেই নিয়ে জোর কটাক্ষ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কৃতিকে নিয়ে কী কী বলেছেন তিনি?

Bollywood News: বিকিনি পরে রাখি পরানোর কী দরকার! কৃতিকে নিয়ে বোমা ফাটালেন কঙ্গনা
কী বলেছেন তিনি?
| Updated on: Aug 25, 2026 | 9:29 AM
Share

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) বরাবরই স্পষ্টবাদী। এবার তাঁর নিশানায় পড়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। সম্প্রতি কৃতির একটি নতুন বিজ্ঞাপনী ভিডিয়ো সামনে এসেছে। রাখি উৎসবের প্রেক্ষাপটে তৈরি এই ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। এবার সেই বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা।

বিজ্ঞাপনটিতে কৃতি শ্যাননকে দেখা গিয়েছে একটি অফ-হোয়াইট রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে। যেখানে তাঁর টপটি ছিল ব্রালেট ধরনের। ভারতীয় ঐতিহ্যের উৎসব রাখিবন্ধনের বিজ্ঞাপনে এমন খোলামেলা পোশাক কেন পরানো হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন নেটনাগরিকদের একাংশ। অনেকেই এই পোশাকের ধরনকে একেবারেই ভালো চোখে দেখেননি।

সোমবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাওয়াত এই বিষয়ে মুখ খোলেন। তিনি লেখেন, “আজকের দিনে নারী হিসেবে বেঁচে থাকাটা খুব আনন্দের। আমাদের আলমারি নানা রকমের পোশাকে ভরা থাকে। আজকের নারী আন্তর্জাতিক মানের। ককটেল ড্রেস থেকে লেহেঙ্গা-চোলি, জিন্স থেকে শাড়ি কিংবা বিকিনি থেকে সালোয়ার কামিজ, সব ধরনের পোশাকই আমাদের কাছে রয়েছে। কিন্তু এত বিকল্প থাকা সত্ত্বেও কেউ বিকিনি বা অন্তর্বাস পরে নিজের ভাইকে রাখি পরাবে কেন? বাকি সব পোশাক কি ফুরিয়ে গেল? হা হা, পুরো বিজ্ঞাপনটাই ইচ্ছাকৃতভাবে খুব অদ্ভুত আর বিদঘুটে বানানো হয়েছে!”

পোশাকের পাশাপাশি বিজ্ঞাপনের আরও একটি দৃশ্য নিয়েও সমালোচনা শুরু হয়েছে। সেখানে দেখা যায়, একটি পোষ্য কুকুর কৃতির দিকে তাকিয়ে ডাকছে। এরপর কৃতি পরম স্নেহে সেই কুকুরের হাতে একটি রাখি পরিয়ে দেন। বিজ্ঞাপনে হয়তো পোষ্যকে পরিবারের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু দর্শকদের অনেকেরই এই বিষয়টি পছন্দ হয়নি।

সব মিলিয়ে কৃতি শ্যাননের এই নতুন বিজ্ঞাপনটি নিয়ে সোশাল মিডিয়ায় এখন জোর চর্চা চলছে। তবে এই পুরো বিতর্ক এবং কঙ্গনা রানাওয়াতের এমন কড়া মন্তব্যের বিষয়ে কৃতি এখনও পর্যন্ত মুখ খোলেননি।

Follow Us