Mohammedan SC: ‘নিজেদের পকেট থেকে টাকা দিয়ে আর ক্লাব চালানো সম্ভব নয়..’, অকপট মহমেডান ক্লাবের সচিব ওয়াসিম আক্রম
Kolkata Football: বঙ্গের ফুটবলে এখন ঠিক দুটো চিত্র। এক, আগামিকাল রবিবার আইএসএল ডার্বিতে মুখোমুখি হতে চলেছে দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। উল্টোদিকে, দেশের আরও এক শতাব্দী প্রাচীন ক্লাব মহমেডান ক্রমশ তলিয়ে যাচ্ছে এক অন্ধকার অতলে। এই অন্ধকার থেকে ক্লাবকে আশার আলো কে দেখাবেন?

কলকাতা: সাম্প্রতিক সময়ে কলকাতা ফুটবলে দুরন্ত দুই নাম ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কিন্তু এরই মধ্যে হারিয়ে যাচ্ছে আরও একটি প্রধান নাম, মহমেডান এসসি। চরম আর্থিক সংকটে পর্যুদস্ত ক্লাব। তাই চলতি ইন্ডিয়ান ফুটবল লিগ (আগের আই লিগ) থেকে নাম তুলে নিচ্ছে তারা। কিন্তু যে দল দুই বছর আগেও আইএসএল খেলেছে, তাদের হঠাৎ এমন অবস্থা হল কেন? কেন ভারতীয় ফুটবলের বুক থেকে হারিয়ে যেতে বসেছে মহমেডান ক্লাব?
টিভি৯ বাংলাকে ক্লাবের সচিব শেখ ওয়াসিম আক্রম বললেন, “আমাদের ক্লাবের পূর্ব প্রেসিডেন্ট একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা পূরণ হয়নি তাই আমরা একটা বাজেট করে নিয়েছিলাম। আগে থেকেই ক্লাবের উপর ২০ কোটি টাকার দেনা ছিল। আমাদের সবার তরফ থেকেই একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু আগের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ও চেক বাউন্স করার ফলে বেরিয়ে গেলেন। বর্তমান প্রেসিডেন্ট (গজল জাফর) তাঁর আয়ত্তের বাইরে গিয়েও অনেক অর্থ প্রদান করেছেন। এমনকি আমরা আমাদের অনেক পরিচিতের থেকেই চেয়ে প্রায় ১ কোটি টাকা এনেছি। কিন্তু যদি এমন পরিস্থিতি হয়, যে আমরা যতদিন ক্লাবের জন্য টাকা দেব ততদিন ক্লাব চলবে, তা সম্ভব নয়।”
এমনকি সরকারের কাছেও যে তাঁরা অ্যাপিল করেছেন, তাও স্বীকার করেছেন ওয়াসিম। “আমরা রাজ্য সরকারের কাছেও চিঠি দিয়েছি, বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখাও করেছি, তবে এভাবে আর হয় না। যদি আমাদের আগের কর্তৃপক্ষের করা ২০ কোটি টাকার ব্যয়খরচ সামলাতে হয়, তাহলে কতদিন চলবে এভাবে? প্রত্যেকদিন ক্লাবে ঢোকার সঙ্গে সঙ্গেই একটা করে আইনি নোটিস পেতে পেতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। একটা হোম ম্যাচ আয়োজন করতে গেলে খরচ ৬-৭ লক্ষ টাকা আর অ্যাওয়ে ম্যাচ করতে গেলে ১০-১২ লক্ষ টাকা খরচ। এই টাকা এখন আমরা দিতে পারব না। তাই ফ্যান ক্লাব, সদস্য ও সমর্থকদের সঙ্গে বসে আমরা ঠিক করেছি, এখন আমরা কলকাতা লিগ, ইয়ুথ ডেভেলপমেন্ট লিগ, আইএফএ শিল্ড – এই সব টুর্নামেন্টেই ফোকাস করব। আপাতত ক্লাবটাকে দাঁড় করাতে হবে। তারপর আই লিগ, আইএসএলের কথা ভাবব।”
তবে মহমেডান নাম তুলে নিলে আবার শূন্য থেকে শুরু করবে। আবার আই লিগ টু খেলে আসতে হবে দলকে। সেটা শুনেও খেদ শোনা গেল ওয়াসিম আক্রমের গলায়। তিনি বললেন, “আমাদের তো কিছু করার নেই। আমরা স্পনসর, পুরনো ইনভেস্টর, সিএসআর – সবার সঙ্গে দেখা করেও কোনও সাহায্য পাইনি। তাই নয়, আমরা আমাদের ফুটবল সমর্থকদের সঙ্গেও দেখা করেছি কিন্তু কোনও সাহায্য পাইনি। আমরা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি, ওঁর পাবলিক নম্বরে যোগাযোগ করেছি তাও কোনও উত্তর পাইনি। যদি উনি (মুখ্যমন্ত্রী) কোনও সাহায্য করতে পারেন, তাহলে ভাল। নাহলে আমার ও প্রেসিডেন্ট গজল জাফরের পক্ষে আর নিজেদের পকেট থেকে টাকা দিয়ে ক্লাব টানা সম্ভব নয়।”
বঙ্গের ফুটবলে এখন ঠিক দুটো চিত্র। এক, আগামিকাল রবিবার আইএসএল ডার্বিতে মুখোমুখি হতে চলেছে দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। উল্টোদিকে, দেশের আরও এক শতাব্দী প্রাচীন ক্লাব মহমেডান ক্রমশ তলিয়ে যাচ্ছে এক অন্ধকার অতলে। এই অন্ধকার থেকে ক্লাবকে আশার আলো কে দেখাবেন? আদৌ কি কেউ ‘সুপারম্যান’ হয়ে ক্লাবকে পুনরায় ভারতীয় ফুটবলের মানচিত্রে প্রতিষ্ঠা করবেন কি না, জানা নেই স্বয়ং ক্লাবের সচিবেরও।
