Aamir Khan ex-wife: ‘বিয়ের আগেই শারীরিক সম্পর্ক এখন স্বাভাবিক’, আধুনিক প্রেম নিয়ে অকপট আমির খানের প্রাক্তন কিরণ রাও
Kiran Rao: 'বিয়ের আগে শারীরিক সম্পর্ক এখন আর কোনও আশ্চর্যের বিষয় নয়।' 'লাস্ট স্টোরিজ ৩'-এর প্রচারে এক সাক্ষাৎকারে এসে আজকের প্রজন্মের প্রেম ও স্বাধীনতা নিয়ে খোলামেলা আলোচনা করলেন আমির খানের প্রাক্তন স্ত্রী তথা পরিচালক কিরণ রাও।

কিরণ রাও (Kiran Rao) মানেই ছকভাঙা কাজের এক অন্যরকম গল্প। কিছুদিন আগেই ‘লাপাতা লেডিজ’ দিয়ে দর্শকদের মন জয় করেছেন আমির খানের প্রাক্তন স্ত্রী। এবার তিনি চর্চায় এলেন সম্পূর্ণ অন্য এক কারণে। খুব শীঘ্রই আসতে চলেছে তাঁর নতুন প্রোজেক্ট ‘লাস্ট স্টোরিজ ৩’। আর সেই প্রোজেক্টের প্রচারে এসে আজকের প্রজন্মের প্রেম, স্বাধীনতা ও শারীরিক সম্পর্ক নিয়ে একদম সোজাসাপ্টা কথা বললেন এই জনপ্রিয় পরিচালক।
কী বলেছেন তিনি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিরণ রাওকে প্রশ্ন করা হয়েছিল, এখনকার ছেলেমেয়েরা কি প্রেমের ব্যাপারে বড্ড বেশি খামখেয়ালি? এই কথার উত্তরে কিরণ পরিষ্কার জানান, আজকের প্রজন্মকে তিনি ‘খামখেয়ালি’ বলতে রাজি নন। বরং তাঁর চোখে এই প্রজন্ম অনেক বেশি ‘স্বাধীন’।
আগেকার দিনের সম্পর্কের সঙ্গে আজকের দিনের তফাৎ বোঝাতে গিয়ে কিরণ তাঁর সাক্ষাৎকারে বলেন, “আমার মনে হয় এখন একটা স্বাধীনতার অনুভূতি আছে। আমার প্রজন্মের তুলনায় আজকের তরুণ প্রজন্মের মধ্যে কোনওরকম আড়ষ্টতা নেই। পৃথিবীটা এখন বদলে গিয়েছে, নিজেকে প্রকাশ করার উপায়গুলোও এখন অনেক আলাদা। আমরা আমাদের গল্পে সেটাই তুলে ধরতে চেয়েছি।”
আগে সমাজ মনে করত বিয়ের পরেই বুঝি একটা সম্পর্ক পূর্ণতা পায়। সেই পুরনো নিয়ম যে এখন আর খাটে না, তা মনে করিয়ে দিয়েছেন পরিচালক। এই প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা, “আমার সময়ে আশা করা হত যে, আপনি কেবল একজন মানুষের সঙ্গেই একটা নির্দিষ্ট সম্পর্কে জড়াবেন। দেখাশোনা করে বিয়ে হওয়ার পরেই সেই মানুষটির সঙ্গে শারীরিক বা মানসিক সম্পর্ক তৈরি হবে। যেটা এখন আর নেই।”
আজকের প্রজন্মের সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে কিরণ রাও বলেন, “মানুষ এখন বিয়ের প্রয়োজন ছাড়াই একে অপরের সঙ্গে গভীর, তীব্র এবং মানসিকভাবে ও শারীরিকভাবে তৃপ্তিদায়ক সম্পর্কে জড়াচ্ছে। ঠিক এইভাবেই আজকের পৃথিবীটা আলাদা হয়ে গিয়েছে। আমরা সেই জগতেই এই গল্পটা তৈরি করেছি।”
কিরণ জানান, দু’জন অল্পবয়সী ছেলেমেয়ে যাঁদের কোনও পিছুটান নেই, তাঁরা একে অপরের প্রেমে পড়লে আর কিছু অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিলে ঠিক কী কী হতে পারে, সেই মজার গল্পটাই তিনি পর্দায় তুলে ধরতে চেয়েছেন। পুরোনো ধ্যানধারণা ভেঙে আধুনিক প্রেমের এই তাজা গল্প দর্শকদের ঠিক কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার।
