AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mallika Sherawat: তাজমহলের সামনে প্রোপোজ, পাকা কথা হয়েও হল না বিয়ে! কোথায় হারিয়ে গেলেন মল্লিকার হিমাচলের সেই প্রেমিক?

Mallika Sherawat Ex Boyfriend Life: বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ধর্মশালার মডেল তথা রেডিও জকি বিজয় সিংকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু আলো ঝলমলে রিয়্যালিটি শোর মঞ্চে শুরু হওয়া সেই রূপকথার প্রেম বেশিদিন স্থায়ী হয়নি, আর পরিণয় পর্যন্তও গড়ায়নি তাঁদের সম্পর্ক।

Mallika Sherawat: তাজমহলের সামনে প্রোপোজ, পাকা কথা হয়েও হল না বিয়ে! কোথায় হারিয়ে গেলেন মল্লিকার হিমাচলের সেই প্রেমিক?
| Updated on: Jul 28, 2026 | 2:04 PM
Share

প্রায় ১৩ বছর আগে হিমাচল প্রদেশের এক তরুণের মধ্যেই নিজের পাত্র খুঁজে পেয়েছিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ধর্মশালার মডেল তথা রেডিও জকি বিজয় সিংকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু আলো ঝলমলে রিয়্যালিটি শোর মঞ্চে শুরু হওয়া সেই রূপকথার প্রেম বেশিদিন স্থায়ী হয়নি, আর পরিণয় পর্যন্তও গড়ায়নি তাঁদের সম্পর্ক।

কিছুদিন প্রেম করার পর দু’জনের পথ আলাদা হয়ে যায়। পরবর্তীতে একটি সাক্ষাৎকারে বিজয়ী বিজয় সিং নিজেই খোলাসা করেছিলেন তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার আসল কারণ।

কী ঘটেছিল রিয়্যালিটি শো-তে?

আমেরিকান জনপ্রিয় শো ‘দ্য ব্যাচেলর’-এর ভারতীয় সংস্করণ হিসেবে ২০১৩ সালে ‘লাইফ ওকে’ চ্যানেলে সম্প্রচারিত হতো ‘দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া – মেরে খেয়ালোঁ কি মল্লিকা’। রোহিত রায় সঞ্চালিত ১৫ পর্বের এই ডেটিং রিয়্যালিটি শো-তে মল্লিকার মন জয় করতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩০ জন পুরুষ।

২০১৩ সালের নভেম্বরে ফাইনালে ২৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন ২৪ বছর বয়সী বিজয়। সেই সময় মল্লিকার বয়স ছিল ৩৬ বছর। শো চলাকালীন তাজমহলের সামনে রোমান্টিক ডেট, চুম্বন এবং প্রকাশ্য প্রস্তাব দিয়ে রাতারাতি লাইমলাইটে চলে এসেছিলেন হিমাচলের এই তরুণ।

এক পুরোনো সাক্ষাৎকারে বিজয় জানিয়েছিলেন, শো-এর চুক্তি শেষ হতেই কীভাবে বদলে গিয়েছিল মল্লিকার মনভাব। বিজয় বলেছিলেন, “শো শেষ হওয়ার পর ১ বছরের একটি চুক্তি ছিল। যেখানে লেখা ছিল মল্লিকা চাইলে ১ বছরের মধ্যে আমাকে বিয়ে করতে পারেন এবং আমার সঙ্গে থাকতে পারেন। আর ১ বছর পর উনি যদি বিয়ে না করতে চান, তবে তা না-ও করতে পারেন। তাই ওই ১ বছর উনি আমাকে বারবার লস অ্যাঞ্জেলেসে ওঁর কাছে আমন্ত্রণ জানাতেন, কিন্তু কিছু কারণবশত আমি সেখানে যেতে পারিনি।”

বিজয় আরও যোগ করেন, “এক বছর পার হতেই ওঁর আচরণে পরিবর্তন আসে। মল্লিকা সূক্ষ্মভাবে ইঙ্গিত দিতে শুরু করেন যে ‘আমি ওঁর থেকে অনেকটাই ছোট’ এবং ‘লং ডিসট্যান্স রিলেশনশিপ কখনও সফল হয় না’। মূলত উনি বোঝাতে চেয়েছিলেন যে সম্পর্কটি শেষ হয়ে গিয়েছে। কয়েক মাস পর তো উনি আমার ফোন তোলাও বন্ধ করে দেন। এরপর আমিও আর যোগাযোগ করিনি। আমারও তো আত্মসম্মান আছে, আর কতটা পিছু ধাওয়া করতাম?”

এই ধরনের শো নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে বিজয় বলেছিলেন, “আমি এখন বুঝতে পেরেছি এই রিয়্যালিটি শো-গুলো একদম ভুয়ো। আমি সত্যিই বিয়ে করার উদ্দেশ্য নিয়ে এই শো-তে গিয়েছিলাম, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। রাহুল মহাজন ছাড়া এই ধরণের শো-তে এসে আজ পর্যন্ত কেউ স্থায়ী বিয়ে করেনি। এসবই পূর্বপরিকল্পিত এবং চুক্তির নিয়ম মেনেই চলে।”

বর্তমানে কোথায় আছেন মল্লিকার প্রেমিক বিজয়?

‘প্যারেন্ট সার্কেল’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিজয় সিং এখন গ্ল্যামার দুনিয়া, অভিনয় এবং মডেলিং থেকে সম্পূর্ণ দূরে। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। হিমাচলের ধর্মশালায় অ্যাডভেঞ্চার ক্যাম্প ও হোমস্টে পরিচালনার ব্যবসা সামলাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবনে নিজের শৈশবের বান্ধবী সুনীতাকে বিয়ে করে সংসার পেতেছেন বিজয়। তাঁদের ভিবিয়ানা নামে একটি কন্যাসন্তানও রয়েছে। অন্যদিকে মল্লিকা এখনও রয়েছেন সিঙ্গল। টুকটাক বলিউডে কাজ করছেন।

Follow Us