Mirzapur The Movie: বড় পর্দায় মির্জাপুর! পঙ্কজ, আলি ফজল, দিব্যেন্দু, শ্বেতা কে কত পারিশ্রমিক পেলেন?
Pankaj Tripathi salary: ওটিটির অতিপরিচিত রক্তক্ষয়ী সিংহাসনের লড়াই এবার সোজা বড় পর্দায়! 'মির্জাপুর: দ্য মুভি'-র ট্রেলার মুক্তি পেতেই অনুরাগী মহলে তুমুল উত্তেজনা। তবে শুধু ট্রেলারের অ্যাকশন নয়, সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে তারকাদের পারিশ্রমিক নিয়ে। কোন তারকা কত পারিশ্রমিক পেলেন?

ওটিটির দুনিয়ায় একের পর এক ডিজিটাল রেকর্ড ভাঙার পর এবার সোজা বড় পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’ (Mirzapur: The Movie)। ট্রেলার সামনে আসতেই অনুরাগী মহলে রীতিমতো উন্মাদনার পারদ চড়ে গিয়েছে। কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিত কিংবা ফ্যানদের প্রিয় মুন্না ত্রিপাঠী, পুরনো চেনা চরিত্রদের আবার নতুন করে এক ফ্রেমে দেখার উত্তেজনায় ফুটছে সোশাল মিডিয়া। সূত্রের খবর, এই মেগা বাজেটের ছবিতে পারিশ্রমিকের দিক থেকে বাকি সব কলাকুশলীকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)।
‘ফিল্মি টকস’-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অখণ্ড সাম্রাজ্যের সবচেয়ে বড় অধিপতি অখণ্ডানন্দ ত্রিপাঠী অর্থাৎ ‘কালীন ভাইয়া’ চরিত্রে পুনরায় অভিনয় করার জন্য পঙ্কজ নাকি হাঁকিয়েছেন প্রায় ১৫ কোটি টাকা! গোটা তারকাখচিত কাস্টের মধ্যে এটিই সবচেয়ে বড় অঙ্কের পারিশ্রমিক। যেখানে এই সিরিজের অত্যন্ত জনপ্রিয় এবং দর্শকদের অতি পছন্দের চরিত্র ‘মুন্না ভাইয়া’ অর্থাৎ দিব্যেন্দু শর্মা (Divyenndu Sharma) নাকি ছবিটির জন্য পাচ্ছেন ৩ কোটি টাকা। অন্যদিকে ‘গুড্ডু পণ্ডিত’ রূপে নিজের অবস্থান শক্ত রাখা আলি ফজল (Ali Fazal) নিচ্ছেন প্রায় ৪ কোটি টাকা। অর্থাৎ, সহ-অভিনেতাদের তুলনায় পঙ্কজের পারিশ্রমিক কয়েক গুণ বেশি, যা ডিজিটাল দুনিয়ায় বেশ শোরগোল ফেলে দিয়েছে।
শুধু তাই নয়, ওটিটি সিরিজের চেনা মুখদের সঙ্গে এবার বড় পর্দায় নতুন চমক হিসেবে যোগ দিয়েছেন জীতেন্দ্র কুমার (Jitendra Kumar)। বাবলু পণ্ডিত তথা যাদবজির মতো একটি বেশ গুরুত্বপূর্ণ অ্যাভাটারে তাঁকেও দেখা যাবে বলে রিপোর্ট সূত্রে জানা গিয়েছে। সেই বিশেষ রোলে কাজ করার জন্য জীতেন্দ্র পাচ্ছেন প্রায় দেড় কোটি টাকা। পাশাপাশি, গোটা ফ্র্যাঞ্চাইজির অন্যতম শক্তিশালী নারী চরিত্র ‘গোলু গুপ্তা’ অর্থাৎ শ্বেতা ত্রিপাঠী (Shweta Tripathi) এই ছবির জন্য প্রায় ৯৫ লাখ টাকা হাঁকিয়েছেন।
‘ফ্লিকঅনক্লিক’-এর এক বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে, এক্সেল এন্টারটেইনমেন্ট ও অ্যামাজন এমজিএম স্টুডিওসের যৌথ প্রযোজনায় এই বিশাল আয়োজনের অ্যাকশন-ড্রামা ছবিটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ২৫০ কোটি টাকা। যদিও প্রযোজনা সংস্থার তরফ থেকে তারকাদের এই পারিশ্রমিক কিংবা পুরো বাজেটের নির্দিষ্ট অঙ্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি। গুরমিত সিং-এর পরিচালনায় তৈরি এই মেগা ছবি আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬-এ প্রেক্ষাগৃহে আত্মপ্রকাশ করতে চলেছে। এখন অপেক্ষা ছবি মুক্তির।.
