Durga Puja Award: পরিবেশবান্ধব দুর্গাপুজো করলেই মিলবে ১ লক্ষ টাকা! পুজো কমিটিগুলির জন্য বড় ঘোষণা অগ্নিমিত্রার
Green Durga Puja Excellence Award: অগ্নিমিত্রা জানিয়েছেন, রাজ্যস্তরে সেরা পুজো কমিটির জন্য থাকছে ১ লক্ষ টাকার পুরস্কার। দ্বিতীয় স্থানে যারা থাকবে, তাদের জন্য ৮০ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার। শুধু রাজ্যস্তরেই নয়, জেলাভিত্তিক সেরা পুজো কমিটিগুলিকেও পুরস্কৃত করা হবে। প্রতিটি জেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) আগে পুজো কমিটিগুলির জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের (West Bengal Government)। এবার পরিবেশবান্ধব পুজোর আয়োজন করলেই মিলতে পারে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার। রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘গ্রিন দুর্গাপুজো এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ বা ‘সবুজ দুর্গাপুজো উৎকর্ষ সম্মান’। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া পুজো কমিটিগুলিকে এই সম্মান দেওয়া হবে। রাজ্যস্তরে সেরা পুজো কমিটি পাবে ১ লক্ষ টাকা। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কোন কোন বিভাগে পুরস্কার?
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মূলত চারটি বিশেষ বিভাগে পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে।
শ্রেষ্ঠ গ্রিন দুর্গাপুজো: পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার এবং পরিবেশ রক্ষায় বিশেষ উদ্যোগের জন্য এই সম্মান।
শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও বর্জ্য স্মার্ট পুজো: পুজোমণ্ডপ ও সংলগ্ন এলাকা পরিষ্কার রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগের জন্য পুরস্কার।
শ্রেষ্ঠ সচেতনতা উদ্যোগ: পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য কর্মসূচির জন্য দেওয়া হবে বিশেষ সম্মান।
কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড: পুজোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ এবং সামাজিক উদ্যোগের জন্য এই পুরস্কার।
কত টাকা পুরস্কার মিলবে?
অগ্নিমিত্রা জানিয়েছেন, রাজ্যস্তরে সেরা পুজো কমিটির জন্য থাকছে ১ লক্ষ টাকার পুরস্কার। দ্বিতীয় স্থানে যারা থাকবে, তাদের জন্য ৮০ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য থাকছে ৫০ হাজার টাকা পুরস্কার।
শুধু রাজ্যস্তরেই নয়, জেলাভিত্তিক সেরা পুজো কমিটিগুলিকেও পুরস্কৃত করা হবে। প্রতিটি জেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
পুজো কমিটিগুলির জন্য বিশেষ ‘গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ’ চালু করা হচ্ছে। পাশাপাশি, ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমেও আবেদন করার ব্যবস্থা থাকছে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই প্রায় দুই হাজার পুজো কমিটি এই সম্মানের জন্য আবেদন করেছে। আবেদনকারী পুজো কমিটিগুলির উদ্যোগ খতিয়ে দেখবে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি। মূল্যায়নের ভিত্তিতেই সেরা পুজোগুলিকে বেছে নেওয়া হবে।
পুজোমণ্ডপ থেকে চারা গাছ বিতরণের উদ্যোগ
শুধু পুরস্কার ঘোষণা নয়, দুর্গাপুজোকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতা বাড়াতেও বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। পুজোমণ্ডপগুলিতে বিশেষ স্টল তৈরি করে সেখান থেকে দর্শনার্থীদের মধ্যে চারা গাছ বিতরণের জন্য পুজো কমিটিগুলিকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।
