Mrunal Thakur Warning: চুপচাপ সহ্য করার দিন শেষ! আদালতের হুমকি দিয়ে কাদের সাবধান করলেন ম্রুণাল ঠাকুর?
Mrunal Thakur legal warning: সোশাল মিডিয়ায় হঠাৎই এক কড়া পোস্ট করে হইচই ফেলে দিলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। কিন্তু কেন তিনি আচমকা আইনি ব্যবস্থার হুমকি দিলেন? কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে? পড়ুন বিস্তারিত।

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মঙ্গলবার হঠাৎই পোষ্ট করেছেন মারাত্মক বার্তা! শান্ত স্বভাবের এই অভিনেত্রীকে এভাবে গর্জে উঠতে সম্ভবত এর আগে কখনও দেখা যায়নি। আর সেই পোস্ট নজর কাড়তেই নিমেষে ছড়িয়ে পড়েছে বিনোদন দুনিয়ায়। কী এমন ঘটেছে যার জন্য কাউকে নাম না করে সরাসরি আদালতের দরজায় টেনে নিয়ে যাওয়ার কড়া বার্তা দিতে হল তাঁকে?
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি পোস্ট করেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। সেখানে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, তাঁর ছবি বা পরিচয় ব্যবহার করে এআই দিয়ে কোনও ভুয়ো ছবি বা ভিডিয়ো তৈরি করা পুরোপুরি বেআইনি। যারা এই কাজ করছেন, তারা যেন এই পোস্টটিকে শেষ নোটিস হিসেবে ধরে নেন। এরপর আর কোনও ক্ষমা নেই, সোজা আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ কী এমন ঘটল যে ম্রুণালকে এত কড়া হতে হল, সে কথা অবশ্য তিনি নিজে ভেঙে বলেননি। তবে বলিপাড়ার খবর, তারকাদের মুখ বসিয়ে নোংরা ও ভুয়ো ভিডিও তৈরি করার প্রবণতা ইদানীং খুব বেড়ে গিয়েছে। কিছু দিন আগেই অভিনেত্রী রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) একটি ভুয়ো ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল। পুলিশ তদন্তে নেমে সেই ঘটনার পেছনে থাকা একজনকে গ্রেপ্তারও করে। রশ্মিকাও তখন সরব হয়ে বলেছিলেন, মানুষের সম্মান নষ্ট করার জন্য প্রযুক্তির এমন ব্যবহার অত্যন্ত অন্যায্য।
শুধু ম্রুণাল বা রশ্মিকাই নন, প্রযুক্তির এই ফাঁদ থেকে বাঁচতে অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর কিংবা প্রীতি জিন্টার মতো একঝাঁক বড় তারকা ইতিমধ্যেই আদালতের দরজায় গিয়েছেন। আদালতও নির্দেশ দিয়েছে, অনুমতি ছাড়া তারকাদের নাম, ছবি বা গলার আওয়াজ ব্যবহার করা যাবে না।
অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘রাকা’ তে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে (Mrunal Thakur)। অভিনেত্রী কে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা।

