Ramayana Movie: ‘বাল্মিকীর সীতা কখনও মারপিট করেনি!’ রণবীরের ‘রামায়ণ’ দেখে রেগে লাল মুকেশ খান্না
Sai Pallavi Sita Role: সীতার চরিত্রে অভিনয় করা সাই পল্লবীর একটি যুদ্ধের দৃশ্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি এই বিষয়ে নিজের ইউটিউব ভ্লগে কড়া ক্ষোভ উগরে দিয়েছেন ‘শক্তিমান’ খ্যাত প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। রামায়ণের মতো পবিত্র পৌরাণিক কাহিনিতে বিকৃতি ঘটানোর অভিযোগে সোজা ছবির নির্মাতাদের তুলোধোনা করেছেন তিনি।

সদ্যই মুক্তি পেয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির বহু চর্চিত ও বড় বাজেটের মেগা প্রজেক্ট ‘রামায়ণ’। ছবিটির বক্স অফিস কালেকশন ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। তবে এর মাঝেই মহাকাব্যের এই নতুন রূপায়ণ নিয়ে সরগরম গোটা দেশ। বিশেষ করে ছবিতে সীতার চরিত্রে অভিনয় করা সাই পল্লবীর একটি যুদ্ধের দৃশ্যকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি এই বিষয়ে নিজের ইউটিউব ভ্লগে কড়া ক্ষোভ উগরে দিয়েছেন ‘শক্তিমান’ খ্যাত প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। রামায়ণের মতো পবিত্র পৌরাণিক কাহিনিতে বিকৃতি ঘটানোর অভিযোগে সোজা ছবির নির্মাতাদের তুলোধোনা করেছেন তিনি।
ভ্লগে মুকেশ খান্না স্পষ্ট জানান, ছবিটির প্রচার ঝলক, দর্শক এবং সমালোচকদের প্রতিক্রিয়া দেখেই তিনি এই মন্তব্য করছেন। ছবির ৪,০০০ কোটি টাকার বাজেট এবং টাকা তোলার তাগিদ নিয়েই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ছবিটির মুক্তি এবং তার বাণিজ্যিক দিকটাই যেন এখন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে—কীভাবে ৪,০০০ কোটি টাকার খরচ তোলা যাবে! কিন্তু রামায়ণের সঠিক গল্পটা দর্শকদের সামনে সঠিকভাবে ফুটিয়ে তোলা হচ্ছে কি না, তা নিয়ে কারও মাথা ব্যথা নেই। মূল গল্পে নিজেদের কল্পনার রঙ মিশিয়ে এইভাবে রামায়ণ বা মহাভারতের মতো মহাকাব্য বদলে দেওয়া কি আদৌ সঙ্গত?”
বিশেষ করে সাই পল্লবী অভিনীত ‘যুদ্ধরত’ সীতার দৃশ্যটিকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুকেশ খান্না। তাঁর বক্তব্য, “সীতা মাতাকে কি ইদানিংকালের অ্যাকশন ঘরানার নায়িকা কিংবা রানি লক্ষ্মীবাঈয়ের মতো লড়তে দেখা যাবে? আমি বাল্মীকি রামায়ণ পড়েছি, সেখানে কোথাও লেখা নেই যে সীতা মা কখনও রণক্ষেত্রে গিয়ে যুদ্ধ করেছেন। তিনি মর্যাদা পুরুষোত্তমের স্ত্রী, তাঁর মধ্যে সেবাবোধ ছিল। তিনি যদি যোদ্ধাই হতেন, তবে রাবণের সঙ্গে লড়াই করলেন না কেন? রাবণ কেন তবে তাঁকে সসম্মানে তুলে নিয়ে যেতে পারল?”
প্রযোজক নমিত মলহোত্রের একটি ব্যাখ্যার প্রতিও তোপ দাগেন তিনি। নমিত সম্প্রতি দাবি করেছিলেন যে, ওই নির্দিষ্ট দৃশ্যটি ‘অদ্ভুত রামায়ণ’ গ্রন্থ থেকে অনুপ্রাণিত, বাল্মীকি রামায়ণ থেকে নয়। এই বক্তব্যের জবাবে রোষ প্রকাশ করে মুকেশ খান্না বলেন, “প্রযোজকের কথা শুনে আমি স্তব্ধ! বাল্মীকিজির রামায়ণই আসল এবং একমাত্র রামায়ণ। এমন সাহস আপনারা অন্য কোনও ধর্মের গ্রন্থ নিয়ে দেখাতে পারতেন কি? কোরান বা বাইবেল নিয়ে এই ধরনের অদলবদল করা কি সম্ভব? তাহলে গীতা আর রামায়ণ নিয়ে কাল্পনিক কাহিনি যোগ করার হিম্মত কীভাবে হয়? নিজেদের মতামত বাল্মীকি রামায়ণে চাপিয়ে দেওয়া বন্ধ করুন, আপনাদের লজ্জা হওয়া উচিত!”
উল্লেখ্য, নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত এই বিশাল ক্যানভাসের ছবিতে ‘রাম’ চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, ‘সীতা’ চরিত্রে সাই পল্লবী, ‘রাবণ’ চরিত্রে যশ এবং ‘লক্ষ্মণ’ চরিত্রে রবি দুবে। দীপাবলি উপলক্ষে গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। বিতর্ক চললেও বক্স অফিসে সাফল্যের সঙ্গেই ছুটছে ‘রামায়ণ’। তবে মুকেশ খান্নার এই বিস্ফোরক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয়ে গিয়েছে চরম চাপানউতোর।
