ইউটিউবার ক্যারি মিনাটির বিরুদ্ধে আদালতে করণ জোহর! পরিচালকের সঙ্গে ঘটল কী?

সম্প্রতি ক্যারি মিনাটি তাঁর ইউটিউব চ্যানেলে ‘কফি উইথ জালান’ নামক একটি সিরিজ শুরু করেন। এই সিরিজের নাম থেকে শুরু করে সেট— সবটাই করণের বিখ্যাত টক-শো’র আদলে তৈরি। ভিডিওটিতে করণের মতো দেখতে এবং তাঁর বাচনভঙ্গি নকল করা একটি চরিত্রকেও ব্যবহার করা হয়।

ইউটিউবার ক্যারি মিনাটির বিরুদ্ধে আদালতে করণ জোহর! পরিচালকের সঙ্গে ঘটল কী?

|

Feb 11, 2026 | 4:04 PM

বলিউড আর ইউটিউবের ঠাণ্ডা লড়াই এবার আইনি লড়াইয়ে রূপ নিল। করণের জনপ্রিয় টক-শো ‘কফি উইথ করণ’-এর প্যারোডি বা বিদ্রূপাত্মক ভিডিও তৈরি করে বিপাকে পড়লেন ইউটিউব সেনসেশন ক্যারি মিনাটি। তাঁর বিরুদ্ধে মুম্বই আদালতের দ্বারস্থ হলেন পরিচালক কর্ণ জোহর। তাঁর দাবি, হাস্যকৌতুকের ছলে তাঁর সম্মানহানি করার চেষ্টা করছেন এই ইউটিউবার।

সম্প্রতি ক্যারি মিনাটি তাঁর ইউটিউব চ্যানেলে ‘কফি উইথ জালান’ নামক একটি সিরিজ শুরু করেন। এই সিরিজের নাম থেকে শুরু করে সেট— সবটাই করণের বিখ্যাত টক-শো’র আদলে তৈরি। ভিডিওটিতে করণের মতো দেখতে এবং তাঁর বাচনভঙ্গি নকল করা একটি চরিত্রকেও ব্যবহার করা হয়। সেখানেই মূলত ইন্ডাস্ট্রির ‘স্টার কিড’ এবং নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে কটাক্ষ করা হয়। এই বিষয়টিকেই ‘অসম্মানজনক’ এবং ‘মানহানিকর’ বলে চিহ্নিত করেছে করণের আইনি দল।

পরিচালকের আবেদনের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি, সোমবার মুম্বই আদালতের পক্ষ থেকে একটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে, ক্যারি মিনাটি, মেটা (Meta) এবং অন্যান্য সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলি যেন কর্ণের বিরুদ্ধে কোনও আপত্তিকর বা মানহানিকর বিষয় প্রচার না করে। করণের ভাবমূর্তি বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইউটিউবারদের মধ্যে ক্যারি মিনাটি বরাবরই তাঁর আগ্রাসী রোস্টিংয়ের জন্য পরিচিত। এর আগে বহু তারকাকে নিয়ে তিনি বিদ্রূপাত্মক ভিডিও তৈরি করেছেন। তবে করণের মতো প্রভাবশালীর আইনি পদক্ষেপ তাঁর জন্য বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদিও এই আইনি নোটিশ বা আদালতের নির্দেশ নিয়ে ক্যারি বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বলিউড আর ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের এই সংঘাত ভবিষ্যতে রোস্টিং বা প্যারোডি ভিডিওর পরিধি কতটা কমিয়ে দেবে, তা নিয়ে এখন শুরু হয়েছে জোর চর্চা।