AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিয়ের আগেই প্রিয়াঙ্কাকে ঠোঁটঠাসা চুমু! প্রথম ডেটে ঠিক কী ঘটেছিল ফাঁস করলেন নিক জোনাস

সম্প্রতি 'থেরাপাস উইথ জেক শেন' পডকাস্টে হাজির হয়ে নিক শোনালেন তাঁদের প্রথম ডেটের মজাদার এবং রোমান্টিক এক কাহিনী। হলিউড বোলে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর লাইভ কনসার্ট দেখতে গিয়েছিলেন তাঁরা। তবে প্রথমবার একা নয়, সেই ডেটটি ছিল আদতে একটি ‘গ্রুপ ডেট’।

বিয়ের আগেই প্রিয়াঙ্কাকে ঠোঁটঠাসা চুমু! প্রথম ডেটে ঠিক কী ঘটেছিল ফাঁস করলেন নিক জোনাস
| Updated on: Mar 07, 2026 | 2:40 PM
Share

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের রসায়ন সব সময়ই অনুরাগীমহলে চর্চার বিষয়। সম্প্রতি ‘থেরাপাস উইথ জেক শেন’ পডকাস্টে হাজির হয়ে নিক শোনালেন তাঁদের প্রথম ডেটের মজাদার এবং রোমান্টিক এক কাহিনী। হলিউড বোলে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এর লাইভ কনসার্ট দেখতে গিয়েছিলেন তাঁরা। তবে প্রথমবার একা নয়, সেই ডেটটি ছিল আদতে একটি ‘গ্রুপ ডেট’।

নিক জানান, প্রিয়াঙ্কা সেই রাতে তাঁর প্রিয় বান্ধবীকে সঙ্গে এনেছিলেন। অন্যদিকে নিকও একা যাননি, সঙ্গে নিয়ে গিয়েছিলেন দাদা কেভিন জোনাস এবং আরও এক দম্পতিকে। নিকের কথায়, “যদি আমাদের মধ্যে সেই রসায়ন বা ‘ভাইব’ কাজ না করে, সেই ভয় থেকেই আমি এটাকে গ্রুপ ডেট বানিয়েছিলাম।” কনসার্ট শেষে তাঁরা সবাই মিলে ড্রিঙ্কস করতে যান। সেই সময় মেজ দাদা জো জোনাস বিশ্বের অন্য প্রান্ত থেকে তাঁদের জন্য ‘মিল্ক শটস’ পাঠিয়েছিলেন, যা ছিল অত্যন্ত হাস্যকর।

নিকের দাদা কেভিন সেই রাতে ভাইয়ের খুব প্রশংসা করছিলেন প্রিয়াঙ্কার কাছে। তাতে প্রিয়াঙ্কা হেসে বলে ওঠেন, “তোমার দাদা তো তোমার হয়ে ব্যাটিং করবেই!” তবে আড্ডা আর হাসিঠাট্টার মাঝেই নিক এবং প্রিয়াঙ্কা একে অপরের কাছাকাছি চলে আসেন। সব জল্পনার অবসান ঘটিয়ে নিক স্বীকার করেন, “সেই রাতেই আমাদের প্রথম ‘ফ্রেঞ্চ কিস’ হয়েছিল।” অর্থাৎ প্রথম সাক্ষাতেই যে একে অপরের প্রেমে মজেছিলেন তারকা দম্পতি, তা স্পষ্ট।

অন্যদিকে, নিজের নতুন ছবি ‘দ্য ব্লাফ’-এর প্রচারে এসে সম্প্রতি জয় শেঠির পডকাস্টে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রিয়াঙ্কা। সেখানে নিকের লেখা একটি প্রেমপত্র পড়ে শোনানো হয় তাঁকে। নিক প্রিয়াঙ্কাকে সম্বোধন করেন ‘মাই জান’ বলে। চিঠিতে নিক লেখেন, “গোটা বিশ্ব তোমাকে গ্লোবাল আইকন বা নেত্রী হিসেবে চেনে। কিন্তু মা, মেয়ে, বোন এবং আমার স্ত্রী হিসেবে তুমি যেভাবে নিজেকে উজাড় করে দাও, তা আমাকে মুগ্ধ করে। তোমার ধৈর্য আর বিচার না করার ক্ষমতা মানুষকে তোমার সামনে নিরাপদ অনুভব করায়।”

স্বামীর এমন গভীর অনুভূতির কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি প্রিয়াঙ্কা। ২০১৮ সালে বিয়ের পর ২০২২ সালে তাঁদের জীবনে আসে কন্যা মালতি মেরি। কেরিয়ার আর ব্যক্তিগত জীবন— দুই জায়গাতেই নিক-প্রিয়াঙ্কার এই অটুট রসায়ন আজও বলিউড ও হলিউডের অন্যতম সেরা উদাহরণ।