Ramayana Full Cast: রণবীর রাম, সাই পল্লবী সীতা, নীতিশের রামায়ণে কোন চরিত্রে কোন তারকা? দেখে নিন পুরো তালিকা
Nitesh Tiwari’s Ramayana: হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মারাঠি সিনেমার প্রথম সারির কলাকুশলীদের এক ছাদের তলায় এনে তৈরি হচ্ছে নীতিশের এই মেগা বাজেট ছবি। ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ এবং সানি দেওলের নাম আগে থেকেই চর্চায় থাকলেও, ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে কারা অভিনয় করছেন, তা নিয়ে কৌতুহল ছিল তুঙ্গে।

নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত ‘রামায়ণ’ (Ramayana) ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম তারকাবহুল সিনেমা হতে চলেছে, তা বলাই বাহুল্য। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মারাঠি সিনেমার প্রথম সারির কলাকুশলীদের এক ছাদের তলায় এনে তৈরি হচ্ছে নীতিশের এই মেগা বাজেট ছবি। ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ এবং সানি দেওলের নাম আগে থেকেই চর্চায় থাকলেও, ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে কারা অভিনয় করছেন, তা নিয়ে কৌতুহল ছিল তুঙ্গে।
সম্প্রতি নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘প্রথম সংকল্প’ অনুষ্ঠানে ট্রেলারের চার মিনিটের বিশেষ ফুটেজ প্রদর্শনের পাশাপাশি একটি বিশেষ কমিক বুক উন্মোচন করা হয়। আর সেখানেই আনুষ্ঠানিকভাবে ছবির অন্যান্য প্রধান চরিত্রের অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হয়েছে। এর পাশাপাশি অমিতাভ বচ্চনকে ঘিরে রটা একটি বড় জল্পনারও অবসান ঘটেছে— ছবিতে জটায়ু চরিত্রে কণ্ঠ অমিতাভ বচ্চন নন, বরং বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
কোন তারকা রয়েছেন, কোন চরিত্রে?
শ্রীরাম: অযোধ্যার রাজকুমার রামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর।
সীতা: মাতা সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। কেবল রাবণ কর্তৃক হরণ নয়, বরং সীতার ধৈর্য, ত্যাগ, কর্তব্য ও মর্যাদার দিকটি ছবিতে গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
লক্ষ্মণ: রামের অনুগত অনুজ লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।
ভরত ও শত্রুঘ্ন: ভরতের চরিত্রে আদিনাথ কোঠারে এবং শত্রুঘ্নের চরিত্রে অভিনয় করছেন নীতিশ শর্মা।
রামানন্দ সাগরের কালজয়ী ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে বাড়ি বাড়ি পরিচিতি পাওয়া প্রবীণ অভিনেতা অরুণ গোভিল এবার নীতেশ তিওয়ারির ছবিতে এক ভিন্ন অবতারে ফিরছেন। তিনি অভিনয় করছেন রামের পিতা রাজা দশরথের চরিত্রে।
কৌশল্যা: রামের মাতা কৌশল্যার চরিত্রে দেখা যাবে ইন্দিরা কৃষ্ণনকে।
কৈকেয়ী: রানি কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত।
সুমিত্রা: লক্ষ্মণ ও শত্রুঘ্নের মাতা সুমিত্রার ভূমিকায় রয়েছেন সোনাল ঝা।
মন্থরা: কৈকেয়ীর দাসী মন্থরার ছলনাময়ী চরিত্রে অভিনয় করছেন সীবা চাড্ডা।
ঋষি বশিষ্ঠ ও বিশ্বামিত্র: রাজপুরোহিত বশিষ্ঠের চরিত্রে শিশির শর্মা এবং রাম-লক্ষ্মণকে তাড়কা বধের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ঋষি বিশ্বামিত্রের চরিত্রে রয়েছেন অজিঙ্ক দেও।
লঙ্কার অধিপতি এবং গল্পের প্রধান খলনায়ক রাবণের ভূমিকায় দেখা যাবে কন্নড় সুপারস্টার যশকে।
মন্দোদরী: রাবণের রানি মন্দোদরীর চরিত্রে অভিনয় করছেন কাজল আগরওয়াল।
কৈকসী: রাবণের মাতা কৈকসীর চরিত্রে দেখা যাবে প্রখ্যাত অভিনেত্রী শোভনাকে।
বিভীষণ ও কুম্ভকর্ণ: রাবণের অনুজ ধর্মপ্রাণ বিভীষণের চরিত্রে হরীশ উথামন এবং দানবীয় বীর কুম্ভকর্ণের চরিত্রে অভিনয় করছেন ফয়জল মালিক।
শূর্পণখা: অধর্মের সূচনার মূল অনুঘটক শূর্পণখার চরিত্রে রয়েছেন রকুল প্রীত সিং।
বিদ্যুৎজিহ্ব: শূর্পণখার স্বামী বিদ্যুৎজিহ্বের চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কে।
ভগবান হনুমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্রে দেখা যাবে সানি দেওলকে। সানির অ্যাকশন ইমেজ এবং পর্দায় তাঁর শারীরিক উপস্থিতির কারণে এই কাস্টিং নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। হনুমানের অপরিসীম শক্তি ও রামভক্তির মেলবন্ধন দেখা যাবে তাঁর অভিনয়ে।
এছাড়া দেবরাজ ইন্দ্রের চরিত্রে কুণাল কাপুর এবং রামকে পথপ্রদর্শনকারী ঋষি অগস্ত্যের চরিত্রে অভিনয় করছেন মুকেশ তিওয়ারি।
দিল্লির অনুষ্ঠানে সবচেয়ে বড় খবরের একটি ছিল জটায়ু চরিত্রের ভয়েস কাস্টিং। জটায়ুর চরিত্রে অমিতাভ বচ্চন কণ্ঠ দেবেন বলে দীর্ঘদিন ধরে জল্পনা চললেও, অনুষ্ঠানের কমিক বইয়ের মাধ্যমে স্পষ্ট করা হয় যে এই চরিত্রে কণ্ঠ দিচ্ছেন অনুপম খের।
সীতাকে উদ্ধারের সময় রাবণের সঙ্গে জটায়ুর যুদ্ধ পর্বটি চলচ্চিত্রে অত্যন্ত চমকপ্রদভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিচালক নীতেশ তিওয়ারি ইঙ্গিত দিয়ে বলেন, “রাবণ এবং জটায়ুর যুদ্ধ কতটা রোমাঞ্চকর হতে পারে, তা আপনারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার সময়ই বুঝতে পারবেন।”
সব মিলিয়ে, ভারতীয় সিনেমার অন্যতম বৃহৎ এবং তারকাবহুল এই প্রজেক্ট নিয়ে এখন থেকেই বিশ্বজুড়ে অনুরাগী ও দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।
