
রুপোলি পর্দার বিনোদন এবার আইনি জাঁতাকলে। কন্নড় সুপারস্টার ধ্রুব সরজা ও বলিউড তারকা সঞ্জয় দত্ত অভিনীত পিরিয়ড ড্রামা ‘কেডি – দ্য ডেভিল’-এর একটি গান নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। গানটির কথা ও দৃশ্যায়নে ‘অত্যধিক কুরুচিকর এবং ইঙ্গিতপূর্ণ’ উপাদান থাকার অভিযোগে সরব হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
আইএএনএস (IANS)-এর রিপোর্ট অনুযায়ী, আইনজীবী তথা সমাজকর্মী বিনীত জিন্দাল এই মর্মে দিল্লি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, গানটির লিরিক্স বা কথাগুলি অত্যন্ত অশ্লীল, যা জনসমক্ষে প্রচারের অযোগ্য। বিশেষ করে অল্পবয়সী দর্শকদের ওপর এর নেতিবাচক প্রভাব এবং সমাজে অশ্লীলতা ছড়ানোর আশঙ্কায় তিনি গানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
রাকিব আলমের লেখা এই গানটি ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন নির্মাতারা। নেতিবাচক প্রতিক্রিয়ার বহর দেখে এবং মানবাধিকার কমিশনের নির্দেশের পর তড়িঘড়ি ইউটিউব থেকে গানটির হিন্দি এবং কন্নড়— উভয় সংস্করণই সরিয়ে ফেলেছেন নির্মাতারা। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের দাবি, বিনোদনের নামে গানে যে ধরনের দ্ব্যর্থবোধক সংলাপ ব্যবহার করা হয়েছে, তা কুরুচির পরিচায়ক।
প্রেম পরিচালিত এই হাই-ভোল্টেজ ছবিটি প্রযোজনা করছে কেভিএন (KVN) প্রোডাকশনস। এই একই প্রযোজনা সংস্থা থালাপথি বিজয়ের ‘জন নায়গন’ এবং ইয়াশের ‘টক্সিক’-এর মতো বিগ বাজেট ছবির নেপথ্যে রয়েছে। গানটি সরিয়ে দিলেও বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনও মন্তব্য করেনি প্রযোজনা সংস্থা বা পরিচালক।
অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর ‘কেডি – দ্য ডেভিল’ মুক্তির আগেই এই আইনি জটিলতা ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।