Panchayat Season 5: এবার বড়পর্দায় আসছে ‘পঞ্চায়েত’? পঞ্চম সিজনের আগেই বড় ইঙ্গিত দিলেন প্রযোজক
Panchayat Big Screen Movie: চতুর্থ সিজ়ন পেরিয়ে এবার পঞ্চম সিজ়নের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা; টিজ়ার ও ঝলক সামনে আসতেই সেই উন্মাদনা আরও বেড়েছে। এরই মধ্যে খবর, ওটিটি-র গণ্ডি ছাড়িয়ে এবার সিনেমার পর্দাতেও দেখা যেতে পারে ‘পঞ্চায়েত’-কে।

ফুলেরার মাটির গন্ধ, গ্রাম্য রাজনীতির টানাপড়েন আর সচিবজির সঙ্গে গ্রামের মানুষের খুনসুটি— এই সরল সমীকরণেই দর্শকের অন্দরমহলে পাকাপাকি জায়গা করে নিয়েছে ‘পঞ্চায়েত’। চতুর্থ সিজ়ন পেরিয়ে এবার পঞ্চম সিজ়নের অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা; টিজ়ার ও ঝলক সামনে আসতেই সেই উন্মাদনা আরও বেড়েছে। এরই মধ্যে খবর, ওটিটি-র গণ্ডি ছাড়িয়ে এবার সিনেমার পর্দাতেও দেখা যেতে পারে ‘পঞ্চায়েত’-কে।
‘পঞ্চায়েত’-কে সিনেমা হিসেবে দর্শকের সামনে আনার স্বপ্ন নির্মাতাদের অনেক দিনের। সম্প্রতি প্রচার-ঝলক প্রকাশের অনুষ্ঠানে সে কথাই খোলামেলা জানালেন প্রযোজক বিজয় কোশী। তাঁর বক্তব্য, ২০১৬ সাল থেকেই তাঁরা ‘পঞ্চায়েত’-কে বড়পর্দায় আনার কথা ভেবে রেখেছিলেন। অর্থাৎ, ‘মির্জ়াপুর’ ছবির সাফল্য দেখে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিষয়টি মোটেই তেমন নয়।
ওই অনুষ্ঠানে বিজয় বলেন, “প্রত্যেক গল্পকারের শেষ গন্তব্য বড়পর্দা। ২০১৬ সালেও আমরা ‘পঞ্চায়েত’কে বড়পর্দায় নিয়ে আসার কথা ভেবেছিলাম। ‘মির্জাপুর’ বা অন্য কোনও সিরিজ়ের সাফল্য দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেষপর্যন্ত আমরাও ফুলেরার গল্পকে বড়পর্দায় নিয়ে যেতে চাই। আমাদের জনপ্রিয়তা এবং এতগুলি সিজ়নের সাফল্যের আসল পরীক্ষা তো সেখানেই।”
ওটিটি সিরিজ় থেকে বড়পর্দার সিনেমায় রূপান্তরিত হলে দর্শকের প্রত্যাশার চাপও যে বহুগুণ বাড়ে, তা অকপটে মেনে নিয়েছেন বিজয়। তাঁর মতে, বাজারে নতুন কোনও কিছু আসার পর যেমন শেষ কথা বলেন ক্রেতারা, তেমনই ছবি মুক্তি পেলে চূড়ান্ত রায় দেবেন দর্শকরাই। সবরকম প্রস্তুতি নিলেও দর্শকের অনুমোদনই আসল। ‘পঞ্চায়েত’-এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই যেন এই বড়পর্দার স্বপ্নে শামিল হন, এমনটাই কামনা করেছেন তিনি। তবে কবে এই ছবি দর্শকের সামনে আসবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি নির্মাতা।
সিনেমার জল্পনার মাঝে আপাতত দর্শকের মূল নজর ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজনে। আগামী ৩ ডিসেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োয় শুরু হচ্ছে নতুন পর্ব। ঝলক থেকেই স্পষ্ট, এবার ফুলেরার ক্ষমতার রাজনীতিতে বড়সড় ওলটপালট হতে চলেছে। মঞ্জু দেবীকে (নীনা গুপ্ত) পরাজিত করে গ্রামের নতুন প্রধানের আসনে বসেছেন ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার), আর তাঁর স্বামী বনরাকস (দুর্গেশ কুমার) হয়েছেন নতুন প্রধানপতি। ফলে গ্রামের পালাবদলে নতুন সংঘাত ও জটিলতার আভাস মিলছে।
নতুন প্রধানের তত্ত্বাবধানে কাজ করতে গিয়ে বেশ কিছু বিড়ম্বনা ও সমস্যায় পড়তে চলেছেন সচিবজি ওরফে অভিষেক ত্রিপাঠী (জিতেন্দ্র কুমার)। পাশাপাশি নিজের এমবিএ পড়ার স্বপ্ন নিয়েও নতুন করে ভাবতে হবে তাঁকে। আগের মতোই রঘুবীর যাদব, ফয়জ়ল মালিক ও চন্দন রায়কে দেখা যাবে চেনা চরিত্রে।
অন্যদিকে, পরপর চারটি সফল সিজ়নের পর পঞ্চম সিজ়ন নিয়ে অভিনেতাদের মনেও বাড়তি চাপ কাজ করছে। নীনা গুপ্ত জানিয়েছেন, নতুন সিজন মুক্তির আগে তাঁরা বরাবরই খানিকটা নার্ভাস থাকেন। দর্শকের ভালোবাসাকে তাঁরা কখনওই হালকাভাবে নেন না; বরং সাফল্য যত বাড়ে, কাজের মান বজায় রাখার দায়িত্বও ততই বেড়ে যায়।
