AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমরা কারখানার পণ্য নই! অরিজিৎকে নিয়ে বিস্ফোরক পঙ্কজ ত্রিপাঠী

পঙ্কজের মতে, সৃজনশীল মানুষের মন কোনো যন্ত্র নয় যে নিরন্তর একই ভাবে কাজ করে যাবে। একঘেয়েমি কাটাতে এবং শিল্পের মান বজায় রাখতে বিরতি নেওয়াটা আদতে একধরণের ‘রিইনভেনশন’ বা নিজেকে নতুন করে আবিষ্কার করা। অরিজিতের এই সাহসী সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলি-ও।

'আমরা কারখানার পণ্য নই! অরিজিৎকে নিয়ে বিস্ফোরক পঙ্কজ ত্রিপাঠী
| Updated on: Feb 07, 2026 | 4:47 PM
Share

সুরের জাদুকর অরিজিৎ সিং কি তবে প্লেব্যাক থেকে চিরতরে বিদায় নিচ্ছেন? এই প্রশ্ন যখন সংগীত মহলে তুঙ্গে, ঠিক তখনই গায়কের সমর্থনে মুখ খুললেন বলিউডের ‘কালিন ভাইয়া’ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অরিজিতের এই সিদ্ধান্তকে কেবল সমর্থন জানানোই নয়, শিল্পীদের কেন মাঝেমধ্যে সব ছেড়ে বিরতি নেওয়া প্রয়োজন, তা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন পঙ্কজ।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী বলেন, “নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য মাঝেমধ্যে বিরতি নেওয়া ভীষণ জরুরি। শিল্পী হওয়াটা মোটেও সহজ কাজ নয়, এটি অত্যন্ত শ্রমসাধ্য ও সংবেদনশীল পেশা। কাজের গতি কমিয়ে দিলে তবেই একজন শিল্পী নতুন কিছু সৃষ্টি করতে পারেন। আমাদের মনে রাখা উচিত, আমরা কেউ কারখানার পণ্য নই।”

পঙ্কজের মতে, সৃজনশীল মানুষের মন কোনো যন্ত্র নয় যে নিরন্তর একই ভাবে কাজ করে যাবে। একঘেয়েমি কাটাতে এবং শিল্পের মান বজায় রাখতে বিরতি নেওয়াটা আদতে একধরণের ‘রিইনভেনশন’ বা নিজেকে নতুন করে আবিষ্কার করা। অরিজিতের এই সাহসী সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলি-ও। তিনি মনে করেন, মিউজিক ইন্ডাস্ট্রির চাপিয়ে দেওয়া গণ্ডি বা বাধ্যবাধকতার বাইরে গিয়ে নিজেকে প্রকাশ করতে চাওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা লুকিয়ে আছে।

লাকি আলির কথায়, “একজন সংগীতশিল্পী আসলে কী অনুভব করছেন, তা বুঝতে গেলে তাঁর জুতোয় পা রাখতে হবে। অরিজিৎ যদি এমন পদক্ষেপ নিয়ে থাকেন, তবে বুঝতে হবে তাঁর ভেতরে কোনো একটা বড় পরিবর্তন এসেছে। আমি তাঁর সিদ্ধান্তের সঙ্গে সহমত। এটি কোনো ক্ষতি নয়, বরং একজন শিল্পীর নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার চেষ্টা।”

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে, অরিজিৎ সিং হয়তো হিন্দি ছবির জন্য প্লেব্যাক করা কমিয়ে দেবেন অথবা পুরোপুরি বন্ধ করে দেবেন। অরিজিৎ নিজেও বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন যে, গ্ল্যামার দুনিয়ার ইঁদুরদৌড় থেকে সরে এসে তিনি সংগীতের অন্য ধারায় মন দিতে চান। পঙ্কজ ত্রিপাঠী ও লাকি আলির মতো বড় মাপের ব্যক্তিত্বদের সমর্থন সেই জল্পনাকেই আরও উসকে দিল।

শিল্পীদের এই ‘সতর্ক নীরবতা’ ও ‘বিরতি’ কি তবে বলিউডের গতানুগতিক কাজের সংস্কৃতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত?