Madhyamik 2026: ‘১১ মিনিট…আমরা ব্যবস্থা নিচ্ছি’, মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই পরীক্ষাকেন্দ্রে দাঁড়িয়ে কোন বড় কথা বললেন পর্ষদ সভাপতি?
Madhyamik 2026: চলতি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পূর্ব বর্ধমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) চেয়ারম্যান ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। শনিবার তিনি বর্ধমান ২ ’নম্বর ব্লকের জোতরাম বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা হল ঘুরে দেখেন।

বর্ধমান: বর্ধমানে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এলেন পর্ষদ সভাপতি। মাধ্যমিক চলাকালীন জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল পরিদর্শক (এসআই)-কে মারধরের ঘটনায় প্রধান শিক্ষকসহ ৮ জনকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় বর্ধমানে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) চেয়ারম্যান ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “ঘটনার বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। ওই দিনের ১১ মিনিটের সিসিটিভি ফুটেজ এখনও পাওয়া যায়নি, বিষয়টি শুনেছি এবং বিষয়টি তদন্তাধীন।”
চলতি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পূর্ব বর্ধমানের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) চেয়ারম্যান ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। শনিবার তিনি বর্ধমান ২ ’নম্বর ব্লকের জোতরাম বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষা হল ঘুরে দেখেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, “এখনও পর্যন্ত পরীক্ষা খুব ভালভাবেই হচ্ছে। সব কেন্দ্রেই সজাগ দৃষ্টিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে দেখলাম তারা খুশি। প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরাও জানিয়েছেন ব্যবস্থাপনা ঠিকঠাক চলছে। এখনও পর্যন্ত রিপোর্ট সন্তোষজনক।”
অন্যদিকে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু পরীক্ষার্থী নিয়ে প্রবেশ করার প্রসঙ্গে তিনি বলেন, “সংখ্যা খুবই কম। মোবাইল বের করলেই ধরা পড়ছে। বারবার সচেতন করা হচ্ছে। তবু যারা মানছেন না, তাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে। এ বিষয়ে পর্ষদ কোনও রকম আপস করবে না।”
