হায়দরাবাদে চাঁদের হাট! লাল বেনারসিতে বিজয়ের হাত ধরলেন রশ্মিকা, রিসেপশনে কে কে এলেন?
মুম্বই থেকেও এসেছিলেন নামী তারকারা। করণ জোহর, দিনেশ বিজন এবং পরিচালক হোমি আদাজানিয়াকে একসঙ্গে ফ্রেমবন্দি করা হয়েছে। নজর কেড়েছেন কৃতি শ্যাননও। তিনি পরেছিলেন একটি স্টাইলিশ কালো লেহেঙ্গা। রিয়া চক্রবর্তী এবং ম্রুণাল ঠাকুরও (গভীর নীল শাড়িতে) তাঁদের গ্ল্যামারাস উপস্থিতিতে আসর মাতিয়ে রাখেন।

উদয়পুরের সেই স্বপ্নের মতো রাজকীয় বিয়ে নিয়ে আলোচনা এখন অতীত। ৪ মার্চ রাতে হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে রাজকীয় রিসেপশন সারলেন দক্ষিণী ছবির সবচেয়ে চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। বঞ্জারা হিলসের এই বিলাসবহুল ভেন্যুতে বসেছিল চাঁদের হাট। টলিউড (তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি) থেকে বলিউড— উপস্থিত ছিল প্রায় গোটা ইন্ডাস্ট্রি। কারা কারা এসেছিলেন? কী কী হল অনুষ্ঠানে?
লাল শাড়িতে মোহময়ী রশ্মিকা
এদিন নববধূর সাজে রশ্মিকা মান্দানা কে লাগছিল অপরুপা। লুক প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে। পরনে ছিল ‘জেড বাই মনিকা অ্যান্ড করিশমা’-র ডিজাইন করা টকটকে লাল সিল্কের শাড়ি, যাতে ছিল কালো এবং সোনালি পাড়ের আভিজাত্য। সাবেকি সাজ পূর্ণ করতে রশ্মিকা বেছে নিয়েছিলেন ভারী গোল্ড টেম্পল জুয়েলারি, চোকার এবং ঝুমকো। হাতে হাত রেখে যখন এই পাওয়ার কাপল ভেন্যুতে ঢুকলেন, তখন আলোকচিত্রীদের ক্যামেরার ফ্ল্যাশ থামতেই চাইছিল না। বিজয়কেও দেখা গিয়েছে অত্যন্ত মার্জিত এবং সপ্রতিভ পোশাকে। সাদা ট্রাডিশানাল পোশাকে নজর কেড়েছিলেন বিজয়।
বিজয়-রশ্মিকাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে শুরুতেই পৌঁছে গিয়েছিলেন মেগাস্টার চিরঞ্জীবী। নবদম্পতিকে আশীর্বাদ জানানোর পাশাপাশি দীর্ঘক্ষণ সময়ও কাটান তিনি। এরপরই দেখা যায় মেগাস্টার নাগার্জুন আক্কিনেনি এবং তাঁর ছেলে নাগা চৈতন্যকে। এ ছাড়াও বর-বধূকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন ভেঙ্কটেশ এবং অভিনেতা-প্রযোজক রবি তেজা। মহেশ বাবু নিজে উপস্থিত হতে না পারলেও তাঁর স্ত্রী নম্রতা শিরোদকর এবং মেয়ে সিতারা ঘাট্টামানেনি এসে রশ্মিকার সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দেন।

মুম্বই থেকেও এসেছিলেন নামী তারকারা। করণ জোহর, দিনেশ বিজন এবং পরিচালক হোমি আদাজানিয়াকে একসঙ্গে ফ্রেমবন্দি করা হয়েছে। নজর কেড়েছেন কৃতি শ্যাননও। তিনি পরেছিলেন একটি স্টাইলিশ কালো লেহেঙ্গা। রিয়া চক্রবর্তী এবং ম্রুণাল ঠাকুরও (গভীর নীল শাড়িতে) তাঁদের গ্ল্যামারাস উপস্থিতিতে আসর মাতিয়ে রাখেন। ‘পুষ্পা’র পরিচালক সুকুমার তাঁর স্ত্রী থাবিতাকে নিয়ে এসেছিলেন প্রিয় ‘শ্রীবল্লী’র বিশেষ দিনে। অভিনেত্রী শ্রীলীলাকেও দেখা গিয়েছে তাঁর মায়ের সঙ্গে গাঢ় সবুজ পোশাকে।
এদিন রাত বাড়ার সঙ্গে সঙ্গে পারদ চড়িয়েছেন ‘আইকন স্টার’ অল্লু অর্জুন। লাল কুর্তা এবং ফ্লোরাল ভেস্ট জ্যাকেটে তাঁকে দেখাচ্ছিল দারুণ।

পাপারাৎজিদের আবদার মিটিয়ে তিনিও যোগ দেন এই আনন্দ উৎসবে। সোশ্যাল মিডিয়ায় এখন ‘ভিরোশ’ (VIROSH) হ্যাশট্যাগ ট্রেন্ডিং। কড়া নিরাপত্তার মোড়কে থাকা এই ইনভাইট-অনলি রিসেপশন ছিল চলতি বছরের তেলুগু ইন্ডাস্ট্রির অন্যতম সবচেয়ে বড় ইভেন্ট।
