Shweta Tiwari’s Allegations: শারীরিক নির্যাতন থেকে ফ্ল্যাটের লোভে মেয়েকে ত্যাগ! শ্বেতার অভিযোগ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন রাজা
Shweta-Raja Divorce Controversy: গার্হস্থ্য হিংসা থেকে শুরু করে ফ্ল্যাটের বিনিময়ে মেয়েকে হাতছাড়া করার অভিযোগ, শ্বেতা তিওয়ারির তোলা প্রতিটি দাবিতে দীর্ঘ দিন ধরে উত্তাল বিনোদন জগৎ। এত বছর নীরব থাকার পর অবশেষে ক্যামেরা সামনে বিস্ফোরক সত্য উগরে দিলেন প্রাক্তন স্বামী রাজা চৌধুরী। রাজার মন্তব্যে এখন তোলপাড় বি-টাউন!

টেলি দুনিয়ার অন্যতম বিতর্কিত বিচ্ছেদ বললেই উঠে আসে শ্বেতা তিওয়ারি এবং রাজা চৌধুরীর নাম। ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটেছিল ২০১২ সালে। দীর্ঘ বছর ধরে শ্বেতা অভিযোগ করে এসেছিলেন, রাজা নাকি তাঁর ওপর প্রতিদিন নির্যাতন চালাতেন, এমনকী ফ্ল্যাট পাওয়ার লোভে নিজের মেয়ে পলক তিওয়ারির কাস্টডিও ছেড়ে দিয়েছিলেন। এত বছর পর প্রাক্তন স্ত্রীর সেই সব বিস্ফোরক ও মারাত্মক অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন রাজা চৌধুরী।
শ্বেতা তিওয়ারি দীর্ঘদিন ধরে দাবি করে এসেছিলেন, বিচ্ছেদের আগে রাজা তাঁর ওপর প্রতিদিন অত্যাচার চালাতেন, এমনকি শুটিং সেটেও গিয়ে ঝামেলা করতেন। সমস্ত অভিযোগ একঝটকায় উড়িয়ে দিয়ে রাজার সাফ কথা, “পুরোটাই বানানো মিথ্যা! আমি কোনওদিন ওর গায়ে হাত তুলিনি। হ্যাঁ, ঝগড়ার সময় হয়তো রাগের মাথায় ঘরের টিভি, দরজা বা টেবিল ভেঙেছি, কিন্তু শারীরিক নির্যাতন কখনও করিনি।” এখানেই শেষ নয়, গালাগাল দেওয়ার অভিযোগ প্রসঙ্গে রাজার মন্তব্য, রেগে গেলে মুখে কিছু কথা চলে আসা মানেই কাউকেই ছোট করা নয়। শ্বেতার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “ওর রক্তেই মিথ্যা কথা বলা আছে! ও গ্র্যাজুয়েট তো দূর, দশম শ্রেণীর ডিগ্রিও দেখাতে পারবে না।”
বিতর্কের জল আরও গড়িয়েছে ৯৩ লাখ টাকার ফ্ল্যাট কাণ্ড নিয়ে। শ্বেতা আগে দাবি করেছিলেন, ফ্ল্যাট পাওয়ার বিনিময়ে নাকি রাজা মেয়ে পলকের কাস্টডি ত্যাগ করেছিলেন। এই নিয়ে নিজের ব্যাখ্যা দিতে গিয়ে রাজা জানান, ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত আদালতে চক্কর কেটেও শ্বেতা নাকি মেয়েকে একদিনের জন্যও দেখতে দেননি। থাকার একটা আশ্রয়ের জন্য তিনি বাবার কেনা সেই ১ বিএইচকে ফ্ল্যাটটি দাবি করেন, যা মাত্র ৯ লাখ টাকায় কেনা হয়েছিল। রাজা বলেছেন, “শান্তিতে বাঁচার জন্য একটুকরো মাথার ওপর ছাদ চাওয়া আর মেয়েকে বিক্রি করে দেওয়া কি এক হল? শ্বেতা নিজের মতো গল্প বানিয়ে নিয়েছে।”
প্রাক্তন স্ত্রীর পাশাপাশি মেয়ে পলকের সঙ্গেও যে রাজার সম্পর্ক প্রায় শূন্যে এসে ঠেকেছে, তা মেনে নিয়েছেন অভিনেতা। তিনি জানান, বহু বছর ধরে মেয়ের সঙ্গে দেখা নেই। গত ২০২২ বা ২০২৩ সালে নিজের জন্মদিনে মেয়েকে ঘরে ডেকেছিলেন রান্না করে খাওয়াবেন বলে। কিন্তু পলক এসে মাত্র ১০ মিনিটের মাথায় কাজ আছে বলে বেরিয়ে যান। রাজা জানান, কথার মাঝে শ্বেতার নাম তোলায় নাকি অস্বস্তিতে পড়ে যান পলক, আর সেটাই ছিল তাঁর আচমকা চলে যাওয়ার কারণ। অপমান ও দূরত্ব সইতে না পেরে বর্তমানে প্রাক্তন স্ত্রী ও মেয়ে, দুজনকেই ইনস্টাগ্রামে ব্লক করে রেখেছেন রাজা।
