Ajinkya Rahane Retirement: আন্তর্জাতিক কেরিয়ারের ইতি, আবেগঘন বার্তায় বিদায় রাহানের!
Ajinkya Rahane: ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন রাহানে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে টেস্ট অভিষেক করেন অজিঙ্ক। তাঁর ব্যাটিং স্টাইলের জন্য অনেকে তাঁকে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করতেন। ২০১৪ সালে লর্ডসে তাঁর ১০৩ (১৫৪) রানের ইনিংস ভারতকে টেস্ট ম্যাচ হার থেকে বাঁচিয়ে দেয়।

কলকাতা: ভারতীয় দল (Indian Cricket Team) যখনই কঠিন পরিস্থিতিতে পড়েছে, প্রত্যেকবার দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন তিনি। তবে ইদানিং সময়টা একদমই ভাল যাচ্ছিল না তাঁর। আইপিএলে খারাপ ফর্মের জন্য বারবার সমালোচিত হতে হচ্ছিল তাঁকে। সেই তিনি, অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane), ভারতীয় ক্রিকেটের নির্ভরযোগ্য ডেপুটি, নিজের কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন। ৩৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটার আজ, বৃহস্পতিবার সকালে অবসর ঘোষণা করলেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানালেন নিজের এই সিদ্ধান্তের কথা।
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে রাহানে বলেন, “এটা ঠিক যে সবকিছুর যেমন শুরু হয়, তেমন শেষও হয়। জীবনে সব সময় সবকিছুকে সম্মান দিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমি নিজের ব্যাটিং সর্বদা উপভোগ করেছি, নিজের দল, নিজের দেশকে নিজের থেকে বেশি গুরুত্ব দিয়েছি। এবার সময় এসেছে অন্য কিছু নিয়ে ভাবার। তাই, এবার আমার মনে হয় এটাই আমার সরে দাঁড়ানোর সবথেকে আদর্শ সময়। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম।” ভিডিওতে বারবার আবেগপ্রবণ হয়ে উঠেছেন জিংক্স। ভিডিওতে তিনি ধন্যবাদ জানিয়েছেন নিজের বন্ধু, সতীর্থ, স্ত্রী রাধিকা, পরিবারসহ প্রত্যেক ভারতীয় ক্রিকেট সমর্থককে।
View this post on Instagram
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন রাহানে। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে টেস্ট অভিষেক করেন অজিঙ্ক। তাঁর ব্যাটিং স্টাইলের জন্য অনেকে তাঁকে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করতেন। ২০১৪ সালে লর্ডসে তাঁর ১০৩ (১৫৪) রানের ইনিংস ভারতকে টেস্ট ম্যাচ হার থেকে বাঁচিয়ে দেয়। তাঁর এই ইনিংসের বদান্যতায় ২৮ বছর পর লর্ডসে কোনও টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। তবে টেস্ট ক্রিকেটে তাঁর অবদান বলতেই মনে পড়ে ২০২০-২১ সালে বর্ডার-গাভাসকর ট্রফি জয়। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউটের ভরাডুবির পরেও যেভাবে ভারত কামব্যাক করেছিল, তা আজও ভারতীয় দলের সর্বশ্রেষ্ঠ কামব্যাকগুলির মধ্যে একটি বলে ধরা হয়।
দেশের হয়ে অজিঙ্ক খেলেছেন ৮৫টি টেস্ট, করেছেন ৫০৭৭ রান, সর্বোচ্চ ১৮৮। ওয়ানডে ক্রিকেটেও ভারতের এক নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন তিনি। ৯০ ম্যাচে করেছেন ২৯৬২ রান, সর্বোচ্চ ১১১। ২০২৩ সালে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছে তাঁকে। তবে ভারতীয় জার্সিতে রাহানের অবসরের পর সত্যিই দলের ব্যাটিং স্তম্ভের একটা পিলার খসে গেল বলাই যায়।
