‘কোটি টাকাটা কার পকেটে?’ ‘ধুরন্ধর’ নিয়ে বিষ্ফোরক রাকেশ বেদি
রণবীর সিং অভিনীত এই ছবি যেমন রেকর্ড গড়ছে, তেমনই ভাইরাল হচ্ছে ছবির কলাকুশলীদের নিয়ে নানা তথ্য। সম্প্রতি রটে যায়, ছবির সাফল্যের পুরস্কার হিসেবে অভিনেতা রাকেশ বেদি ১ কোটি টাকা বোনাস পেয়েছেন। কিন্তু এই গুঞ্জনকে স্রেফ রসিকতা বলে উড়িয়ে দিলেন অভিনেতা।

১৯ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রাজত্ব করছে আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’। রণবীর সিং অভিনীত এই ছবি যেমন রেকর্ড গড়ছে, তেমনই ভাইরাল হচ্ছে ছবির কলাকুশলীদের নিয়ে নানা তথ্য। সম্প্রতি রটে যায়, ছবির সাফল্যের পুরস্কার হিসেবে অভিনেতা রাকেশ বেদি ১ কোটি টাকা বোনাস পেয়েছেন। কিন্তু এই গুঞ্জনকে স্রেফ রসিকতা বলে উড়িয়ে দিলেন অভিনেতা।
এক সাক্ষাৎকারে রাকেশ বেদি হাসতে হাসতে বলেন, “অনেকেই আমাকে বলছেন যে ধুরন্ধরের সাফল্যের পর প্রযোজনা সংস্থা থেকে আমি নাকি ১ কোটি টাকা পেয়েছি। ভাই, সেই টাকাটা কোথায় পড়ে আছে? কার বাড়িতে রাখা আছে বা কার পকেটে ঢুকেছে— দয়া করে আমাকে একটু জানান! কেউ কোথাও কি পুঁতে রেখেছে টাকাটা? একটু বলে দিন, যাতে আমি গিয়ে নিয়ে আসতে পারি। কারণ আমার অ্যাকাউন্টে তো এখনও এমন কোনও খবর নেই।”
অভিনেতা স্পষ্ট জানান, তাঁর অ্যাকাউন্টে এমন কোনও বড় অঙ্কের লেনদেন ধরা পড়েনি। কৌতুক করে তিনি আরও বলেন, “যদি কোনওদিন এই টাকা সত্যি সত্যি ঢোকে, তখন সেটা সবাইকে জানাব কি না তা পরের কথা, কিন্তু আপাতত প্রাপ্তি শূন্য।” রসিকতার সুরে তিনি আবেদন জানান, যদি কেউ সত্যিই তাঁকে ওই টাকাটা পেতে সাহায্য করতে পারেন, তবে যেন অবশ্যই তাঁকে খবর দেওয়া হয়।
২০২৫ সালের ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল হিসেবে চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পায় ‘ধুরন্ধর ২’। এই ফ্র্যাঞ্চাইজিতে রণবীর সিং একজন ভারতীয় গোয়েন্দা অফিসারের চরিত্রে অভিনয় করেছেন, যিনি সীমান্ত পেরিয়ে করাচির অপরাধী ও রাজনৈতিক চক্রের গোপন ডেরায় হানা দেন। ছবিতে একজন ধুরন্ধর রাজনীতিকের চরিত্রে রাকেশ বেদির অভিনয় আলাদা করে নজর কেড়েছে দর্শকদের।
বক্স অফিসে কোটি কোটি টাকার খেলা চললেও, অভিনেতার ব্যক্তিগত অ্যাকাউন্টে সেই ‘বোনাস’-এর হিসেব না মেলায় আপাতত হাসাহাসি চলছে টিনসেল টাউনে।
