AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramayana Movie: অগ্রিম বুকিংয়েই ঝড় তুলছে রণবীরের ‘রাময়ণ’, মুম্বইয়ে টিকিটের দাম ২,৭৭০ টাকা, কলকাতায় কত জানেন?

Ramayana Movie Advance Booking দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই প্রায় ৯২,০০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে এবং অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে ছবিটি ইতিমধ্যেই আয় করেছে ৫.৪৪ কোটি টাকা। মুম্বইয়ের কিছু প্রিমিয়াম রিক্লাইনার সিটের দাম আকাশছোঁয়া—দাম শুরু ২,৭৭০ টাকা থেকে!

Ramayana Movie: অগ্রিম বুকিংয়েই ঝড় তুলছে রণবীরের 'রাময়ণ', মুম্বইয়ে টিকিটের দাম ২,৭৭০ টাকা, কলকাতায় কত জানেন?
| Updated on: Oct 21, 2026 | 2:50 PM
Share

দীপাবলির বড় পর্দায় রণবীর কাপুরকে শ্রীরামের ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে গোটা দেশ। আর সেই উন্মাদনার আঁচ মিলল ছবি মুক্তির দু’সপ্তাহ আগেই! পরিচালক নীতেশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট ‘রামায়ণ: দ্য রাইজ অফ এ লিজেন্ড’ (Ramayana: The Rise of a Legend)-এর অগ্রিম বুকিং শুরু হতেই বক্স অফিসে ঝড় উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই প্রায় ৯২,০০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে এবং অ্যাডভান্স বুকিংয়ের মাধ্যমে ছবিটি ইতিমধ্যেই আয় করেছে ৫.৪৪ কোটি টাকা। মুম্বইয়ের কিছু প্রিমিয়াম রিক্লাইনার সিটের দাম আকাশছোঁয়া—দাম শুরু ২,৭৭০ টাকা থেকে!

গত মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। যদিও ডিস্ট্রিবিউশন শেয়ার নিয়ে ধর্ম প্রোডাকশন ও প্রদর্শকদের কিছু বিরোধের জেরে বুকিংয়ের প্রাথমিক গতি কিছুটা শ্লথ হয়েছিল, তবে সমস্ত জল্পনা কাটিয়ে নির্মাতারা দেশব্যাপী বুকিং খুলে দেওয়ার ঘোষণা করতেই হুড়মুড় করে টিকিট কাটতে শুরু করেন দর্শকরা। Sacnilk-এর তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ২টো পর্যন্ত দেশের ১০৪টি শহরে বুকিং হয়েছে। ব্লক বুকিং বাদ দিলেও যার পরিমাণ ৩.৬১ কোটি টাকা।

অগ্রিম বুকিংয়ের এই দৌড়ে সবার আগে রয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। সেখান থেকে ১৯,৯১৩টি টিকিট বিক্রি হয়ে আয় হয়েছে ১.৫২ কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই থেকে ১৬,০০০ টিকিটের মাধ্যমে আয় হয়েছে ১.১০ কোটি টাকা। পাশাপাশি পুণে, কলকাতা এবং বেঙ্গালুরুতেও টিকিটের চাহিদা চোখে পড়ার মতো। ভাষার দিক থেকে হিন্দি ভার্সনই সিংহভাগ অর্থাৎ ৫.১৫ কোটি টাকার ব্যবসা করেছে। এছাড়া কন্নড় ডাবড ভার্সন থেকে এসেছে ২৭.৯৫ লাখ টাকা এবং তেলুগু ভার্সন থেকে এসেছে ৪৮,৭০০ টাকা।

কলকাতার মাল্টিপ্লেক্সে টিকিটের দাম কত?

মুম্বইয়ের লোয়ার পারেলের পিভিআর আইকন-এর মতো শহরের একাধিক প্রিমিয়াম আইম্যাক্স থ্রিডি শোয়ে (যেমন ৫ ও ৬ নভেম্বর) টিকিটের দাম প্রায় আকাশছোঁয়া হলেও, তিলোত্তমার ছবিপ্রেমীদের মধ্যেও উত্তেজনার কমতি নেই। শহরের বিভিন্ন মাল্টিপ্লেক্সেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিং। ‘বুক মাই শো’ (Book My Show)-এর তথ্য অনুযায়ী, কলকাতার বেশ কয়েকটি নামী মাল্টিপ্লেক্সে এই মেগাবাজেট ছবির সর্বোচ্চ টিকিটের দাম পৌঁছে গিয়েছে ১২৯০ টাকা এবং ১৫৩০ টাকায়! শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভোরের দিকে যেমন শো রয়েছে, তেমনই গভীর রাত পর্যন্ত শোয়ের সূচি রাখা হয়েছে।

আগামী ৫ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এই ছবি ঘিরে দর্শকদের যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাওয়ার সম্ভাবনাই দেখছেন রামায়ণ ছবির টিম।

Follow Us