AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor: ঘন জঙ্গলে হাঁটু গেড়ে বসে আলিয়াকে প্রপোজ করেন রণবীর! চারপাশে চলে আসে জলজ্যান্ত সিংহ, তারপর…

Ranbir Alia proposal: কেনিয়ার ঘন জঙ্গলে আলিয়া ভাটকে সারপ্রাইজ প্রপোজ করেছিলেন রণবীর কাপুর। সম্প্রতি কেবিসি ১৮-র মঞ্চে অমিতাভ বচ্চনের সামনে সেই হাড়হিম করা অথচ মিষ্টি প্রেমের গল্প শোনালেন অভিনেতা। কী বলেছেন রণবীর?

Ranbir Kapoor: ঘন জঙ্গলে হাঁটু গেড়ে বসে আলিয়াকে প্রপোজ করেন রণবীর! চারপাশে চলে আসে জলজ্যান্ত সিংহ, তারপর...
কী বলেছেন রণবীর?Image Credit: instagram
| Updated on: Oct 29, 2026 | 8:42 AM
Share

বলিউড তারকাদের প্রেমের গল্প নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর সেই জুটি যদি হয় রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট, তাহলে তো কথাই নেই! পর্দায় তাঁদের রসায়ন যতটা সুন্দর, বাস্তবের প্রেমের গল্পটা কিন্তু আরও বেশি রোমাঞ্চকর। বিশেষ করে বিয়ের প্রস্তাব দেওয়ার দিনটা! কেনিয়ার ঘন জঙ্গলে যখন আংটি হাতে রণবীর হাঁটু গেড়ে বসেছিলেন, তখন একটু এদিক-ওদিক হলেই ঘটে যেতে পারত বড় বিপদ। সম্প্রতি অমিতাভ বচ্চনের শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-তে এসে সেই হাড়হিম করা অথচ দারুণ মিষ্টি এক অভিজ্ঞতার গল্প শোনালেন অভিনেতা।

কী ঘটেছিল সেইদিন?

আফ্রিকা ভ্রমণে গিয়েছিলেন এই তারকা জুটি। সেখানেই মাসাই মারার জঙ্গলে আলিয়াকে সারপ্রাইজ প্রপোজ করার প্ল্যান করেছিলেন অভিনেতা। রণবীর জানান, তিনি আগে থেকেই গাইড এবং গাড়ির চালককে কিছু টাকা বখশিস দিয়ে রেখেছিলেন। তাঁর স্পষ্ট নির্দেশ ছিল, জঙ্গলের ঠিক মাঝখানে গিয়ে গাড়ি থামাতে হবে। কারণটা বেশ মজার। আলিয়া ইনস্টাগ্রামে ছবি দিতে খুব ভালোবাসেন। প্রপোজ করার সেই বিশেষ মুহূর্তটা যাতে দূর থেকে নিখুঁত ভাবে ক্যামেরাবন্দি হয়, তার জন্যই এই দারুণ বুদ্ধি খাটিয়েছিলেন রণবীর।

বিগ বি-র সামনে বসে রণবীর সেই দিনের ছবিটা যেন সকলের চোখের সামনে তুলে ধরেন। চারদিকে জঙ্গল। গাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে ঘুরে বেড়াচ্ছে তিনটে জলজ্যান্ত সিংহ! আর ঠিক সেই সময়েই পকেট থেকে আংটি বের করে আলিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন রণবীর। এই কথা শুনে অমিতাভ বচ্চন অবাক হয়ে মজা করে বলেন, “প্রমাণ তো থাকা উচিত!” তখন অভিনেতা হাসতে হাসতে গোটা পরিস্থিতিটা ব্যাখ্যা করেন। রণবীর বলেন, একদিকে তিনটে বব্বর শের ছিল, আর ঠিক সামনেই দাঁড়িয়ে ছিল তাঁর জীবনের বাঘিনী। সেই মুহূর্তে এক্কেবারে ইঁদুরের মতো হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। জীবনের এই ‘অদ্ভুত মুহূর্ত’ রণবীরের মনে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।

কেনিয়ার এই রোমাঞ্চকর ট্রিপেই তাঁদের এনগেজমেন্ট সম্পন্ন হয়। এরপর ২০২২ সালের ১৪ এপ্রিল মুম্বইয়ে নিজেদের বাসস্থান ‘বাস্তু’-তে খুব ছিমছাম ভাবে বিয়ে করেন দু’জনে। কাছের বন্ধু এবং পরিবারের মানুষের উপস্থিতিতেই চার হাত এক হয় তাঁদের। ওই বছরেরই ৬ নভেম্বর এই জুটির কোল আলো করে আসে কন্যাসন্তান রাহা। পরে সোশাল মিডিয়ায় আলিয়া নিজেই মেয়ের নাম ঘোষণা করেন। তিনি জানান, নাতনির এই সুন্দর নামটি বেছে দিয়েছেন ঠাকুমা নীতু কাপুর। প্রপোজ করার সেই অদ্ভুত দিনটা পেরিয়ে আজ ছোট্ট রাহাকে নিয়ে সুখের সংসার রণবীর-আলিয়ার।

Follow Us