Ranojoy Bishnu: বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই রণজয়ের অ্যাংজাইটি অ্যাটাক! ঠিক কী হয়েছিল? মুখ খুললেন অভিনেতা
Ranojoy Bishnu Anxiety Attack: তাঁদের দাম্পত্য জীবন নিয়ে যা রটেছে, তা একেবারেই সঠিক নয়। তবে এরই মাঝে ঘটে গেল এমন এক কাণ্ড, যা কিনা ভাবিয়ে তুলেছে রণজয়ের অনুরাগীদের। জানা গিয়েছে, সম্প্রতি অ্যাংজাইটি অ্যাটাক হওয়ার কারণে লিফটের ভিতর অজ্ঞান হয়ে যান অভিনেতা।

গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন বিয়ের পাঁচমাসের মধ্যেই নাকি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তির মুদালির দাম্পত্যে অশান্তি। আর অশান্তিই নয়, রটে গিয়েছে রণজয় ও শ্যামৌপ্তি নাকি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। তবে এই নিয়ে সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের বক্তব্য রেখেছেন রণজয়। স্পষ্টই বলেছেন, তাঁদের দাম্পত্য জীবন নিয়ে যা রটেছে, তা একেবারেই সঠিক নয়। তবে এরই মাঝে ঘটে গেল এমন এক কাণ্ড, যা কিনা ভাবিয়ে তুলেছে রণজয়ের অনুরাগীদের। জানা গিয়েছে, সম্প্রতি অ্যাংজাইটি অ্যাটাক হওয়ার কারণে লিফটের ভিতর অজ্ঞান হয়ে যান অভিনেতা। ঠিক কী ঘটেছিল রণজয়ের? এখন কেমন রয়েছেন? Tv9Bangla-এর কাছে পুরোটা বললেন রণজয়।
রণজয়ের কথায়, ”হঠাৎ করে অ্যাংজাইটি অ্যাটাক হয়ে গিয়েছিল। আমি লিফটে করে উঠছিলাম। তখনই হুট করে ব্ল্যাক আউট হয়ে যাই। প্রায় দেড়- দু’বছর পরে হল। মেন্টাল স্ট্রেস যাচ্ছে তো তাই হয়তো এমনটা হয়েছে। তবে ঠিক আছি এখন। আর কোনও অসুবিধা নেই। আজকে কাজও করছি। অসুবিধার কিছু নেই।”
উল্লেখ্য, শ্যামৌপ্তির সঙ্গে ডিভোর্সের গুঞ্জন নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োতে মানসিকভাবে বিপর্যস্ত রণজয়কে স্পষ্ট বলতে শোনা যায়, বাধ্য হয়েই তাঁকে এই ভিডিয়োবার্তা তৈরি করতে হচ্ছে। তিনি জানান, অনুরাগী এবং পরিচিতদের অসংখ্য মেসেজ ও প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ক্লান্ত।
রণজয়ের স্পষ্ট বক্তব্য, “আমি এবং শ্যামৌপ্তিকে নিয়ে এত কথা হচ্ছে, আর যেভাবে কথাগুলো বলা হচ্ছে— এই কাদা ছোড়াছুড়িটা হচ্ছে, তা ভালো লাগছে না। আমাদের কেউ এসে বলে দিয়ে যায়নি যে তোমাদের বিয়ে করতে হবে… কিন্তু আমরা ভালোবেসে বিয়ে করেছি অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে। আজকে নানা জায়গায় এসব কথা শুনতে বা দেখতে আমাদের দুজনেরই খুব খারাপ লাগছে।”
সংসার ভাঙার গুঞ্জনে সংবাদমাধ্যমের একের পর এক ফোন এড়ালেও কেন তিনি মুখ খুলছিলেন না, তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেতা। এই মুহূর্তে তিনি ও তাঁর স্ত্রী মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছেন জানিয়ে রণজয় বলেন, “আমি সবসময় বলে এসেছি, একজন মহিলাকে নিয়ে কথা বলার আগে আমাদের ভাবা উচিত। আপনাদের কাছে কি কোনও প্রমাণ আছে? এত বড় একটা কথা বলছেন? আমি তো খুব সাধারণ এবং অত্যন্ত সোজা-সাপ্টা একটা জীবনযাপন করি। শুধু আমি একজন সেলিব্রিটি বলে— আমার মনে হচ্ছে যে এটা ভীষণ অনধিকার চর্চা করা হচ্ছে এবং খুব খারাপ কথা বলা হচ্ছে একজন মানুষকে নিয়ে।”
বিয়ের খরচ ও অন্যান্য আর্থিক লেনদেন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওঠা একাধিক ভুয়ো দাবিকেও একহাত নিয়েছেন অভিনেতা। তিনি স্পষ্ট করেন যে, তাঁর স্ত্রী শ্যামৌপ্তির ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। শ্যামৌপ্তি এমন কোনও বিতর্কিত মন্তব্য করতে পারেন না বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।
টাকা-পয়সার জল্পনা উড়িয়ে দিয়ে রণজয় জোর গলায় জানান, কীভাবে তাঁদের বিয়ে হয়েছে এবং বাস্তব সত্যিটা ঠিক কী, তা দুই পরিবার, তিনি নিজে, শ্যামৌপ্তি এবং তাঁর শ্বশুরমশাই খুব ভালো করেই জানেন। অযথা গুঞ্জন ছড়িয়ে তাঁদের ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা না করারই অনুরোধ জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
