
রাজস্থানের উদয়পুরে রূপকথার বিয়ের পর এবার খাস হায়দরাবাদে বসতে চলেছে বিজয় দেবেরকোন্ডা ও রশ্মিকা মন্দানার প্রীতিভোজের আসর। ২৬ ফেব্রুয়ারি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পর, নবদম্পতি এখন ব্যস্ত দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে মন্দিরে গিয়ে দেব-দর্শনে ও মিষ্টি বিতরণে। তবে অনুরাগীদের নজর এখন ৪ মার্চের সেই মাহেন্দ্রক্ষণের দিকে, যেখানে দক্ষিণী ও বলিপাড়ার চাঁদের হাট বসার কথা।
বিয়ের মতো প্রীতিভোজের অনুষ্ঠানেও নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস করছেন না এই তারকাদম্পতি। ৪ মার্চ হায়দরাবাদের সেই রাজকীয় আসরে আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, অতিথিদের জন্য বেশ কিছু নির্দেশিকাও জারি করেছেন বিজয় ও রশ্মিকা। নিরাপত্তার খাতিরে ছবিশিকারিদের প্রবেশেও থাকছে কড়া বিধিনিষেধ। উল্লেখ্য, নিজেদের বিয়ের ছবি প্রথমবার সোশাল মিডিয়ায় নিজেরাই প্রকাশ করেছিলেন তাঁরা, যা ইতিমধ্যে লাইকের নিরিখে সব রেকর্ড ভেঙে দিয়েছে।
নিমন্ত্রণপত্র কাদের কাছে পৌঁছেছে, তা নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। তবে সূত্রের খবর, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লাম ছবির মহাতারকাদের পাশাপাশি বলিউডের একঝাঁক প্রথম সারির অভিনেতা উপস্থিত থাকতে পারেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জল্পনা তুঙ্গে যে, রাজনৈতিক মহলের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব এই আসরে উপস্থিত থাকবেন। তবে দম্পতি এখনও পর্যন্ত অফিশিয়াল ‘গেস্ট লিস্ট’ প্রকাশ্যে আনেননি।
বিজয়-রশ্মিকার প্রীতিভোজের জেরে ৪ মার্চ হায়দরাবাদের রাজপথে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে কোমর বেঁধে নামছে প্রশাসন। তারকাদের ভিড় এবং অগণিত অনুরাগী জমায়েত হওয়ার আশঙ্কায় ওই এলাকায় ট্রাফিক পরিষেবায় বিশেষ রদবদল করা হতে পারে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন স্বাভাবিকের তুলনায় যানজট কয়েক গুণ বাড়তে পারে।