
সাত পাকে বাঁধা পড়ার আগেই চুপিচুপি দেশের প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে এসেছিলেন তাঁরা। চলতি সপ্তাহের শুরুতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা ও ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা। উদ্দেশ্য ছিল একটাই— নিজেদের বিয়ের রিসেপশনে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো। সেই সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসতেই এখন নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, রশ্মিকার পরনে ছিল হলুদ রঙের সাবেকি পোশাক এবং বিজয় বেছে নিয়েছিলেন ছিমছাম সাদা পাঞ্জাবি। শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাঁরা প্রধানমন্ত্রীর হাতে একটি শাল তুলে দেন। আগামী ৪ মার্চ হায়দ্রাবাদে আয়োজিত তাঁদের রাজকীয় রিসেপশন বা প্রীতিভোজের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মোদীকে বিশেষ অনুরোধ জানান এই নবদম্পতি।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজয় ও রশ্মিকা। উদয়পুরের বিলাসবহুল ‘আইটিসি মেমেন্টোস’-এ (ITC Mementos) আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বৃত্তের মানুষেরা। তেলুগু এবং কোদাভা (Kodava)— দুই ভিন্ন রীতিনীতি মেনে সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আচার। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি আসতেই সাধারণ ভক্ত থেকে শুরু করে বিনোদন জগতের তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে।
বিয়ের আসর সেজেছিল সুগন্ধি ফুল আর পবিত্র মন্ত্রোচ্চারণে।
অন্যদিকে বিজয়কে দেখা গিয়েছে আইভরি রঙের ধুতিতে। তবে নজর কেড়েছে তাঁর টকটকে লাল বা সিঁদুরে রঙের উত্তরীয় বা ‘অঙ্গবস্ট্রম’টি। তাতে নিপুণ কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছিল বন ও মন্দিরের নকশা, যা মূলত আভিজাত্য, বংশমর্যাদা এবং পবিত্র স্থাপত্যের প্রতীক হিসেবে পরিচিত।